বেলাল চৌধুরী:
ঢাকার আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকদের হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. সোহেল রানা। শনিবার (৭ নভেম্বর) সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কয়েকজন শ্রমিক এক অটোরিকশাচালককে মারধর করেন। এ সময় এক নারী বাধা দিতে গেলে তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে।
ঘটনার কারণ জানতে চাইলে ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিক মো. সোহেল রানার ওপর শ্রমিকরা অতর্কিত হামলা চালান বলে জানা গেছে। এ সময় এক থেকে দেড় শতাধিক শ্রমিক তাঁকে ঘিরে ধরে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার একটি ভিডিওতে সাংবাদিক সোহেল রানাকে কয়েকজনের মারধরের শিকার হতে দেখা গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে হামলার প্রকৃত কারণ এবং এতে কতজন সরাসরি জড়িত ছিলেন, তা নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়দের দাবি, সাংবাদিক সোহেল রানা ওই ঘটনার বিষয়ে জানতে চেয়েছিলেন। এ কারণে তাঁর ওপর এমন হামলার ঘটনা কেন ঘটল, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ঘটনার পেছনে অন্য কোনো কারণ বা পরিকল্পনা রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তাঁরা।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং পুরো ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।