বেলাল চৌধুরী:
মহাসড়কে কাদায় পিচ্ছিল সড়ক, মোটরসাইকেল দুর্ঘটনায় দুই সংবাদকর্মী আহত
ঢাকার আশুলিয়ায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের নির্মাণকাজের মাটি রাতের আঁধারে ভারী ড্রাম ট্রাকে পরিবহনের কারণে নবীনগর-চন্দ্রা মহাসড়কে কাদা জমে পিচ্ছিল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত রাতে মহাসড়কের ড্যান্ডাবর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই সংবাদকর্মী আহত হয়েছেন। দুর্ঘটনার পর তাঁদের ওপর ড্রাম ট্রাক আটকে দেওয়ার অভিযোগ তুলে হামলা চালানো হয় বলেও অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১টার দিকে ড্যান্ডাবর এলাকায় মহাসড়কে জমে থাকা কাদায় মোটরসাইকেলটি পিছলে পড়ে যায়। এতে দুই সংবাদকর্মী ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। তাঁদের মধ্যে একজনের শারীরিক অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রয়েছে বলে জানা গেছে।
সরেজমিন অনুসন্ধানে জানা যায়, একটি চক্রের মাধ্যমে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের নির্মাণকাজের অতিরিক্ত মাটি গভীর রাতে ভারী ড্রাম ট্রাকে বিভিন্ন ইটভাটায় নেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এ ক্ষেত্রে পরিবহন ও নিরাপত্তাবিধি যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না বলে দাবি স্থানীয়দের।
স্থানীয়দের অভিযোগ, মাটি পরিবহনের সময় ট্রাকের বডি থেকে এবং চাকার সঙ্গে লেগে থাকা ভেজা মাটি মহাসড়কে পড়ে জমা হচ্ছে। রাতের বিভিন্ন যানবাহনের চাপে এসব মাটি পিষে কাদার আস্তরণ তৈরি হচ্ছে। পরে রাতের কুয়াশা ও আর্দ্রতার কারণে সড়ক আরও পিচ্ছিল হয়ে পড়ে। এতে মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহনের চালকরা দুর্ঘটনার ঝুঁকিতে পড়ছেন।
অভিযোগ রয়েছে, দুর্ঘটনার পর সংশ্লিষ্ট ড্রাম ট্রাকগুলো আটকে দেওয়ার চেষ্টা করলে একটি রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি ঘটনাস্থলে এসে দুই সংবাদকর্মীর ওপর চড়াও হন। ‘গাড়ি কেন আটকালি’—এমন প্রশ্ন তুলে তাঁদের ঘুষি ও লাথি মারার অভিযোগ উঠেছে। পরে স্থানীয়রা আহত সংবাদকর্মীদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। তবে হামলায় জড়িত ব্যক্তিদের পরিচয় ও রাজনৈতিক সংশ্লিষ্টতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এলাকাবাসীর অভিযোগ, প্রভাবশালী একটি চক্র প্রশাসনের নজর এড়িয়ে রাতের আঁধারে মাটি পরিবহনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মহাসড়কে কাদা জমে থাকায় সাধারণ চালক ও যাত্রীরা প্রায়ই দুর্ঘটনার ঝুঁকিতে পড়ছেন। এ ছাড়া অতিরিক্ত ভারী যানবাহন চলাচলে সড়কের ক্ষতি হওয়ার আশঙ্কাও রয়েছে।
উন্নয়ন প্রকল্পের মাটি পরিবহনের ক্ষেত্রে নিরাপত্তাবিধি নিশ্চিত করা, মহাসড়কে পড়ে থাকা কাদা দ্রুত পরিষ্কার করা এবং দুর্ঘটনা ও হামলার অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও গণমাধ্যমকর্মীরা। একই সঙ্গে অনিয়ন্ত্রিত ভারী যান চলাচল বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ট্রাফিক বিভাগের কার্যকর নজরদারি কামনা করেছেন তাঁরা।