জুড়ীতে বন বিভাগের অভিযানে ১৫ হেক্টর বনভূমি উদ্ধার

জালালুর রহমান:

মৌলভীবাজারের জুড়ীতে বন বিভাগের অভিযানে অবৈধ দখলে থাকা প্রায় ১৫ হেক্টর বনভূমি উদ্ধার করা হয়েছে। এ সময় রইছ উদ্দিনের দখলে থাকা বিভিন্ন বাগান, ফিশারি ও বসতবাড়িসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

উপজেলার জুড়ী রেঞ্জের লাঠিটিলা বন বিটের বেলবাড়ী এলাকার হলদি, সুরমা বাঁশমহাল ও সুরমা ছড়া এলাকায় এসব বনভূমি দখল করে আটটি ফিশারি (হানডর), আদা, লেবু, আনারস ও কলাবাগান গড়ে তোলা হয়েছিল। পাশাপাশি সেখানে বসতবাড়িও নির্মাণ করা হয়।

শনিবার (৭ নভেম্বর) সকাল ৯টা থেকে জুড়ী রেঞ্জ কর্মকর্তা মো. সাদ উদ্দিন আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ স্থাপনা ও বাগান উচ্ছেদ করে বনভূমি নিজেদের নিয়ন্ত্রণে নেয় বন বিভাগ।

জুড়ী রেঞ্জ কর্মকর্তা মো. সাদ উদ্দিন আহমেদ বলেন, সংরক্ষিত বনভূমি অবৈধভাবে দখল করে গড়ে তোলা আটটি ফিশারি এবং আদা, লেবু, আনারস ও কলাবাগান উচ্ছেদ করা হয়েছে। অভিযানের মাধ্যমে প্রায় ১৫ হেক্টর বনভূমি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি উদ্ধার করা বনভূমিতে পাঁচ হাজার বনজ চারা রোপণ করা হয়েছে।

অভিযানে লাঠিটিলা বন বিটের অতিরিক্ত বিট কর্মকর্তা মো. সাজনসহ বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *