জনবান্ধব ভূমিসেবায় মানুষের হৃদয়ে ভালোবাসার স্মৃতি হয়ে থাকবেন এসি ল্যান্ড আহসান হাফিজ

মোঃআনজার শাহ

 

জনবান্ধব ভূমিসেবার মাধ্যমে কুমিল্লার বরুড়া উপজেলাবাসীর মন জয় করে নেওয়া সহকারী কমিশনার (ভূমি) মো. আহসান হাফিজের বদলির খবরে উপজেলাজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশেষ করে সাধারণ মানুষের মাঝে বিরাজ করছে আবেগঘন পরিবেশ।

৩৮তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তা ২০২৫ সালের ৪ আগস্ট বরুড়া উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি উপজেলার ভূমি ব্যবস্থাপনায় যুগান্তকারী পরিবর্তন আনেন। ইউনিয়ন ভূমি অফিসগুলোর দীর্ঘদিনের অনিয়ম ও ভোগান্তি অনেকাংশেই কমিয়ে আনেন তিনি। সেবাগ্রহীতারা যাতে কোনোভাবেই হয়রানির শিকার না হন, সে বিষয়ে তিনি ছিলেন কঠোর ও আপসহীন।

আহসান হাফিজের দায়িত্ব পালনকালে বরুড়ার ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি ও জনসেবার মান বাড়ার প্রত্যাশা করা হয়েছিল। তাঁর কঠোর নিরীক্ষা ও নিয়মিত তত্ত্বাবধানে ইউনিয়ন ভূমি অফিসগুলোর কার্যক্রমে গতিশীলতা আসে এবং সেবাপ্রার্থীদের ভোগান্তি কমে আসে।

ভূমি প্রশাসনের অন্যতম প্রধান দায়িত্ব হলো জনগণের জমিজমা-সংক্রান্ত অধিকার সুরক্ষা, সরকারি সম্পত্তির যথাযথ ব্যবস্থাপনা এবং সেবাপ্রার্থীদের কাছে দ্রুত ও স্বচ্ছ সেবা পৌঁছে দেওয়া। এসব ক্ষেত্রে আহসান হাফিজের ভূমিকা স্থানীয় মানুষের কাছে বিশেষভাবে প্রশংসিত।

তাঁর দায়িত্ব পালনকালে বরুড়ার বিভিন্ন হাট-বাজারে জবরদখল হওয়া সরকারি সম্পত্তি ভূমিখেকোদের কবল থেকে উদ্ধার করা হয়। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধ ড্রেজার ও ভেকু দিয়ে মাটি কাটা বন্ধে তিনি নিয়মিত সাঁড়াশি অভিযান পরিচালনা করেন।

এসব অভিযানের মাধ্যমে বরুড়ার পরিবেশ ও কৃষিজমি রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখা হয়েছে বলে স্থানীয় সচেতন মহল মনে করেন। সরকারি সম্পত্তির সুরক্ষা ও পরিবেশ রক্ষায় তাঁর কঠোর অবস্থান প্রশংসিত হয়েছে।

ফুটপাত দখলমুক্ত করা, নিয়মিত বাজার পর্যবেক্ষণ ও মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে বরুড়া পৌরসভাসহ বিভিন্ন বাজারে তিনি ফিরিয়ে আনেন শৃঙ্খলা। ভূমি-সংক্রান্ত জটিলতার তাৎক্ষণিক ও ন্যায়সংগত সমাধান দিয়ে মানুষের দুর্ভোগ লাঘবেও তিনি ভূমিকা রাখেন।

বরুড়া উপজেলা ভূমি অফিসের লক্ষ্য দক্ষ, আধুনিক ও টেকসই ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে ভূমি সংক্রান্ত জনবান্ধব সেবা নিশ্চিত করা। আহসান হাফিজের দায়িত্ব পালনকালে সেই লক্ষ্য বাস্তবায়নে ইতিবাচক অগ্রগতি দেখা গিয়েছে বলে স্থানীয়রা মনে করেন।

দক্ষতা ও সততার এই দৃষ্টান্তের কারণে বদলির খবরে স্থানীয় সাধারণ মানুষের মনে আবেগ কাজ করছে। জনবান্ধব ভূমিসেবার মধ্য দিয়ে তিনি বরুড়াবাসীর হৃদয়ে ভালোবাসার স্মৃতি হয়ে থাকবেন বলে মনে করছেন তাঁরা।

আহসান হাফিজের বদলির খবরে বরুড়ার ভূমি প্রশাসনে নতুন নেতৃত্ব আসছে বলে স্থানীয়রা প্রত্যাশা করছেন, নতুন কর্মকর্তাও তাঁর মতোই সততা, নিষ্ঠা ও জনবান্ধব মনোভাব নিয়ে দায়িত্ব পালন করবেন।

আহসান হাফিজের বদলি বরুড়ার ভূমি প্রশাসনে একটি নতুন অধ্যায়ের সূচনা। তাঁর দায়িত্ব পালনকালে অর্জিত অভিজ্ঞতা ও অর্জন ভবিষ্যতেও স্মরণীয় থাকবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *