নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সার্বিক কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে ফাউন্ডেশনের চেয়ারম্যান খোন্দকার মো. মোরতাজুল করিম বাদরুর সঙ্গে পরিচালনা পরিষদের সদস্যদের এক গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি ফাউন্ডেশনের চেয়ারম্যানের অফিসকক্ষে অনুষ্ঠিত এ আলোচনায় উপস্থিত ছিলেন পরিচালনা পরিষদের সদস্য ড. মোহাম্মদ আবদুল মজিদ, চেয়ারম্যান, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ), সাবেক সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান; সি কিউ কে মুসতাক আহমদ, সাবেক সিনিয়র সচিব; মো. সাইফুল ইসলাম, বিসিকের সাবেক চেয়ারম্যান ও বিটাকের সাবেক মহাপরিচালক এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহজাহান, সাবেক অতিরিক্ত সচিব।
আলোচনায় ফাউন্ডেশনের চলমান কার্যক্রম, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, উন্নয়নমূলক উদ্যোগ এবং দেশের সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর ভূমিকা নিয়ে মতবিনিময় হয়।
সভায় অংশগ্রহণকারীরা দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক উন্নয়ন এবং তৃণমূল পর্যায়ে মানুষের জীবনমান পরিবর্তনে সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি ফাউন্ডেশনের কার্যক্রমকে আরও গতিশীল, ফলপ্রসূ ও জনকল্যাণমুখী করার বিষয়ে আলোচনা করেন।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে উন্নয়ন সহযোগী সংস্থার মাধ্যমে দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এ ধারাবাহিকতায় পরিচালনা পরিষদের অভিজ্ঞ সদস্যদের মতামত ও দিকনির্দেশনা ফাউন্ডেশনের ভবিষ্যৎ কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
জনকল্যাণ, সামাজিক উন্নয়ন ও দারিদ্র্যমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে প্রাতিষ্ঠানিক সমন্বয় ও কার্যকর উদ্যোগের গুরুত্বই এ আলোচনায় বিশেষভাবে প্রতিফলিত হয়েছে।