এস এম আকাশ আহমেদ:
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী দেওচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মানহানিকর ও উদ্দেশ্যপ্রণোদিত পোস্ট দেওয়ার নিন্দা ও প্রতিবাদে মানববন্ধন করেছেন ভুক্তভোগী ও এলাকার সাধারণ মানুষ।
উল্লেখ্য, গত ১১ আগস্ট দেওচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে সম্পূর্ণ নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত হন এস এম আকাশ আহমেদ (রুবেল)। সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে একটি পক্ষ তাঁকে মেনে নিতে না পেরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার তৈরি করে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী আকাশ আহমেদ (রুবেল)।
এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে গত ৪ নভেম্বর শ্রীপুর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।
সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টার দিকে দেওচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অর্ধশতাধিক নারী-পুরুষ মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেন।
জিডি সূত্রে জানা যায়, সাংবাদিক এস এম আকাশ আহমেদ শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী এলাকার শাহাবুদ্দিনের ছেলে। প্রতিপক্ষের মিথ্যা তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশের পর থেকেই একটি পক্ষ আরও ক্ষিপ্ত হয়ে তাঁর বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালিয়ে যাচ্ছে।
আকাশ আহমেদ (রুবেল) জানান, পূর্বশত্রুতার জেরে তাঁর ও পরিবারের সদস্যদের জানমালের ক্ষতি করার আশঙ্কার কথাও তিনি জিডিতে উল্লেখ করেছেন। এরই ধারাবাহিকতায় গত ৩ নভেম্বর রাত আনুমানিক ১১টার দিকে দেওচালা এলাকায় একটি পক্ষ ফেসবুকে তাঁকে উদ্দেশ্য করে রাজনৈতিক ও মানহানিকর, বানোয়াট এবং হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে ভিডিও বক্তব্যসহ একটি পোস্ট প্রকাশ করে অপপ্রচার চালাচ্ছে।
তিনি বলেন, “আমি এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমার মানহানি করতে এবং আমাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতেই একটি মহল পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালাচ্ছে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, ছড়ানো এসব তথ্যের কোনো সত্যতা নেই। সাধারণ জনগণ ও শুভানুধ্যায়ীদের এ ধরনের বিভ্রান্তিকর অপপ্রচারে কান না দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।”
এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচার ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।