মোহাম্মদ হোসেন সুমন:
কক্সবাজারের সাংবাদিকদের আর্থসামাজিক উন্নয়ন, পেশাগত মর্যাদা ও পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে কক্সবাজার সাংবাদিক কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নবনির্বাচিত পরিষদের শপথ অনুষ্ঠান সম্পন্নের পাশাপাশি প্রয়াত সাংবাদিক আহমদ গিয়াসের স্মরণে নাগরিক শোকসভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ১০ নভেম্বর (মঙ্গলবার) সন্ধ্যায় সমিতির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি অ্যাডভোকেট জি এ এম আশেক উল্লাহর সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আবদুর রহমান। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু করেন কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসাইন।
সভায় নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়। এ সময় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা, সাংবাদিকদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সদস্যদের সার্বিক কল্যাণে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সমিতির বার্ষিক কর্মপরিকল্পনা, সদস্যদের আর্থিক উন্নয়ন, আবাসন সমস্যা এবং ভবিষ্যৎ কল্যাণমূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে প্রয়াত সাংবাদিক আহমদ গিয়াসের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর স্মরণে একটি নাগরিক শোকসভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
শোকসভা আয়োজনের লক্ষ্যে আজাদ মনসুরকে আহ্বায়ক এবং স. ম. ইকবাল বাহার চৌধুরীকে সদস্যসচিব করে একটি কমিটি গঠন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন সমিতির সহসভাপতি মোহাম্মদ উর রহমান মাসুদ, কোষাধ্যক্ষ ইসলাম মাহমুদ এবং কার্যনির্বাহী পরিষদের সদস্য মোহাম্মদ হাশিম, আনছার হোসেন, ইব্রাহিম খলিল উল্লাহ মামুন, মওলানা নুরুল হক চকোরী, আজাদ মনসুর, স. ম. ইকবাল বাহার চৌধুরী, আনোয়ার হোসাইন, শামশুল আলম শ্রাবণ ও আতিকুর রহমান মানিক।
উল্লেখ্য, কক্সবাজারের সাংবাদিকদের আর্থসামাজিক উন্নয়ন, পারস্পরিক সম্প্রীতি, সহযোগিতা ও কল্যাণমূলক কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে ২০২৩ সালে কক্সবাজার সাংবাদিক কল্যাণ সমবায় সমিতি লিমিটেড প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি সাংবাদিকদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সদস্যদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে আসছে।