কামরুল ইসলাম:
চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন তক্তারপুল এলাকায় হত্যাকাণ্ডের ঘটনায় অভিযান চালিয়ে নারীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) রাত আনুমানিক ১২টার দিকে বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুরের নেতৃত্বে এবং এসআরবির সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তক্তারপুল এলাকায় ভিকটিম আব্দুর সুবাহান (৩৫)-এর বাড়ির সামনের গলির মুখে শওকত গ্রুপের লোকজনের সঙ্গে মাদকসংক্রান্ত পূর্বশত্রুতা ও এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে আব্দুর সুবাহানকে উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করে।
পরে তাঁর আত্মীয়স্বজন দ্রুত তাঁকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর তক্তারপুল এলাকায় বাকলিয়া থানা পুলিশ ও এসআরবির যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আমির হোসেন ওরফে বুলেট (২৩) এবং মোমেনা বেগম (৪৫) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি এলজি, একটি দা এবং একটি স্টিলের টিপ ছুরি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ আরও জানায়, এ ঘটনায় জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নিহত আব্দুর সুবাহানের বিরুদ্ধে হত্যা, মাদক, মারামারি ও অস্ত্র আইনে মোট ১৯টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
বাকলিয়া থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় সন্ত্রাস, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।
এদিকে, তক্তারপুল এলাকায় সংঘটিত এ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত অন্যদের দ্রুত গ্রেপ্তার এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।