মোঃ আনজার শাহ
ছাত্রদলের মধ্য দিয়ে রাজনীতিতে আসা নেতা-কর্মীরা কোনো হাইব্রিড রাজনীতির অংশ নন বলে মন্তব্য করেছেন বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম। তিনি বলেন, ছাত্রজীবন থেকেই তাঁরা বুঝেশুনে জাতীয়তাবাদী আদর্শকে হৃদয়ে ধারণ করেছেন।
শনিবার (১৪ নভেম্বর) কুমিল্লা বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে (বার্ড) ছাত্রদল আয়োজিত এক কর্মশালা ও মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্যে তিনি এ কথা বলেন।
কায়সার আলম সেলিম বলেন, ছাত্রদলের মধ্য দিয়ে রাজনৈতিক জীবনের সূচনা করা নেতা-কর্মীরা নিজেদের পরিচয় নিয়ে গর্ববোধ করেন। এ পরিচয় কেবল রাজনৈতিক নয়; এটি দীর্ঘদিনের আদর্শিক সম্পৃক্ততা, ত্যাগ ও সাংগঠনিক অভিজ্ঞতার প্রতিফলন। ছাত্রদল থেকে উঠে আসা নেতা-কর্মীদের পথচলা কোনো সুবিধাবাদী যাত্রা নয়, বরং আদর্শের পথে দীর্ঘ পরীক্ষিত অভিযাত্রা।
নিজের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে তিনি জানান, কলেজজীবনে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ার মধ্য দিয়েই তাঁর পথচলার সূচনা। সেই পরিচয় আজও তাঁর কাছে গর্বের।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, সাবেক প্রধানমন্ত্রী ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশকে এগিয়ে নেওয়ার প্রচেষ্টার ধারাবাহিকতা রক্ষায় ছাত্রদলকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
ছাত্রদল নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, শুধু সাংগঠনিক কর্মকাণ্ডে সীমাবদ্ধ থাকলে চলবে না। দলের ইতিহাস, রাজনৈতিক দর্শন, আদর্শ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কেও সুস্পষ্ট ধারণা রাখতে হবে। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও জাতীয়তাবাদী রাজনীতির ধারাবাহিকতা রক্ষায় ছাত্রদলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত নেতাদের বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান ওয়াসিমের বক্তব্যের প্রশংসা করেন। ছাত্রদলের করণীয়, সাংগঠনিক দায়িত্ব ও জাতীয়তাবাদী দলের রাজনৈতিক দর্শন সম্পর্কে নেতা-কর্মীদের সুস্পষ্ট ধারণা দিতে এমন কর্মশালা আয়োজনের জন্য আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানান তিনি।
কায়সার আলম সেলিম আরও বলেন, ছাত্রদলের নতুন প্রজন্মকে যোগ্য, আদর্শিক ও দায়িত্বশীল নেতৃত্ব হিসেবে গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণমূলক আয়োজন সময়োপযোগী। এর মাধ্যমে নেতা-কর্মীদের মধ্যে রাজনৈতিক সচেতনতা, সাংগঠনিক দক্ষতা ও দেশপ্রেমের চেতনা আরও সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি জিলানীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শরীফ। এতে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।