ভান্ডারিয়ায় দুর্বৃত্তদের আগুনে পুড়ল দুটি বাস, জীবন্ত দগ্ধ হয়ে হেলপারের মৃত্যু

মোঃ ইমরান মুন্সি:

পিরোজপুরের ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দুটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে একটি বাসের ভেতরে ঘুমিয়ে থাকা মো. সিয়াম নামে এক হেলপার দগ্ধ হয়ে মারা গেছেন। একই রাতে জেলার নাজিরপুর উপজেলায় সড়কের পাশে থাকা চারটি দোকানেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জগলুল হাসান বাসে অগ্নিসংযোগ ও একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত সিয়ামের বাড়ি বরিশাল জেলার উজিরপুর উপজেলায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা ছিল বরিশাল মালিক সমিতির ‘বাহক’ এবং ঝালকাঠি মালিক সমিতির ‘লিসা’ পরিবহনের দুটি বাস। বুধবার ভোর ৪টার দিকে দুর্বৃত্তরা বাস দুটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।

বাসে আগুন জ্বলতে দেখে এলাকায় টহলরত পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। বড় ধরনের প্রাণহানি এড়াতে তাঁরা আশপাশের অন্যান্য বাসে ঘুমিয়ে থাকা চালক ও সহকারীদের জাগিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেন। পাশাপাশি খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে আগুন নেভানোর পর ‘বাহক’ পরিবহনের বাসের ভেতর থেকে হেলপার মো. সিয়ামের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য মরদেহটি ভান্ডারিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে, ভান্ডারিয়ার ঘটনার পাশাপাশি একই রাতে পিরোজপুরের নাজিরপুর উপজেলার চৌঠাই মহল এলাকায় সড়কের পাশে থাকা চারটি দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে দোকানগুলোর মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

একই রাতে জেলার দুটি স্থানে অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তবে এসব ঘটনায় জড়িতদের পরিচয় ও অগ্নিসংযোগের কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *