আমির হোসেন:
ঝালকাঠির নলছিটিতে স্বামীর সঙ্গে মুঠোফোনে কথা-কাটাকাটির ঘটনার পর রুমা (৩৫) নামে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পরিবারের সদস্যরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে উপজেলার আবাসন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রুমা উপজেলার মানপাশা এলাকার আনিচ ব্যাপারীর স্ত্রী। তাঁর স্বামী পেশায় একজন রাজমিস্ত্রি। তাঁদের সংসারে একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে।
নিহতের বাবার বরাত দিয়ে জানা গেছে, রুমা ও তাঁর স্বামী আনিচ ব্যাপারীর মধ্যে মুঠোফোনে প্রায়ই কথা-কাটাকাটি হতো। ঘটনার দিন মঙ্গলবারও তাঁদের মধ্যে ফোনে ঝগড়া হয়। এর কিছুক্ষণ পর রুমা বাবার বাড়ি থেকে বের হয়ে যান। পরে সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে বাড়ির বাইরে একটি আড়ার সঙ্গে গলায় দড়ি দেওয়া অবস্থায় তাঁকে দেখতে পান পরিবারের সদস্যরা।
পরে তাঁর বাবা রফিক তালুকদার তাঁকে উদ্ধার করে রাত ৯টার দিকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, নিহতের গলার সামনের অংশে ফাঁসের চিহ্ন রয়েছে।
এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগ বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।