আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের শেষ সময়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে তাঁকে এখনো ভালোবাসেন বলে জানিয়েছিলেন। এমনকি নানা বিষয়ে মতপার্থক্য থাকা সত্ত্বেও নেতানিয়াহুকে ‘প্রিয় ভাই’ সম্বোধন করে তাঁর প্রতি সমর্থনও প্রকাশ করেছিলেন বাইডেন।
২০২৫ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত ওই ফোনালাপের বিষয়টি বাইডেনের আসন্ন স্মৃতিকথায় উঠে এসেছে। ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট স্মৃতিকথার একটি অংশ প্রকাশের পর বিষয়টি সামনে আসে।
ফোনালাপে বাইডেন নেতানিয়াহুকে বলেন, তিনি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। বিভিন্ন বিষয়ে তাঁদের মধ্যে মতপার্থক্য থাকলেও নেতানিয়াহুর প্রতি তাঁর ব্যক্তিগত ভালোবাসা রয়েছে। এ সময় তিনি বলেন, ‘আমি আপনাকে এখনো ভালোবাসি, প্রিয় ভাই।’
এ ছাড়া নেতানিয়াহুর প্রশংসা করে বাইডেন তাঁকে একজন ভালো মানুষ হিসেবে উল্লেখ করেন। নেতানিয়াহুর কঠিন পরিস্থিতি মোকাবিলার সাহসের কথাও তুলে ধরেন তিনি। একই সঙ্গে নেতানিয়াহুর প্রতি নিজের সমর্থনের কথা জানান।
তবে স্মৃতিকথার অন্য একটি অংশে নেতানিয়াহুর সমালোচনাও করেছেন বাইডেন। সেখানে তিনি উল্লেখ করেন, গাজায় বেসামরিক মানুষের প্রাণহানি বন্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন নেতানিয়াহু। কিন্তু পরবর্তী সময়ে তিনি সেই প্রতিশ্রুতি রক্ষা করেননি বলে অভিযোগ করেন বাইডেন।
‘প্রমিজ মি, আমেরিকা’ শিরোনামের স্মৃতিকথায় বাইডেনের এসব বক্তব্য উঠে এসেছে। এতে নেতানিয়াহুর সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক এবং গাজা যুদ্ধ নিয়ে দুই নেতার মতপার্থক্যের বিষয়টিও প্রকাশ পেয়েছে।
সূত্র: জেরুজালেম পোস্ট।