আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সম্ভাব্য ত্রিপক্ষীয় বৈঠক ঘিরে ইউরোপের রাজনৈতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৫ সালের ঐতিহাসিক ইয়াল্টা সম্মেলনের মতো বিশ্বকে প্রভাব বলয়ে ভাগ করার নতুন কোনো উদ্যোগ নেওয়া হতে পারে—এমন আশঙ্কা করছেন ইউরোপীয় নেতারা।
১৮ ও ১৯ নভেম্বর এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলন উপলক্ষে তিন নেতা চীনের শেনজেনে অবস্থান করার কথা রয়েছে। এ সময় তাঁদের মধ্যে বৈঠকের প্রস্তুতির বিষয়টি সামনে এসেছে। হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলসও বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এই বৈঠককে ঘিরে ইউরোপের উদ্বেগের অন্যতম কারণ ইউক্রেন যুদ্ধ। আশঙ্কা করা হচ্ছে, ইউরোপীয় ইউনিয়ন ও ইউক্রেনকে আলোচনার বাইরে রেখে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন নিজেদের মধ্যে ইউক্রেনের ভবিষ্যৎ কিংবা বৃহত্তর ভূরাজনৈতিক স্বার্থ নিয়ে সমঝোতায় পৌঁছাতে পারে।
১৯৪৫ সালের ফেব্রুয়ারিতে ইয়াল্টা সম্মেলনে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট, ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল ও সোভিয়েত নেতা জোসেফ স্ট্যালিন যুদ্ধ-পরবর্তী বিশ্বব্যবস্থা নিয়ে আলোচনা করেছিলেন। ওই সম্মেলনের মাধ্যমে পূর্ব ইউরোপে সোভিয়েত প্রভাব বিস্তারের পথ তৈরি হয়েছিল। পরবর্তী সময়ে ছোট দেশগুলোর স্বার্থ উপেক্ষা করে পরাশক্তিগুলোর মধ্যে প্রভাব বলয় ভাগাভাগির প্রতীক হয়ে ওঠে ‘ইয়াল্টা’।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ ধরনের পরিস্থিতির আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এই বৈঠক যেন ‘ইয়াল্টা-২, ৩ বা ৪’-এ পরিণত না হয় এবং পরাশক্তিগুলোর মধ্যে নতুন করে প্রভাব বলয় বণ্টনের সিদ্ধান্ত না আসে।
অন্যদিকে, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎজ বলেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে যেকোনো আলোচনায় ইউরোপীয় ইউনিয়নের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তাঁর মতে, নিষেধাজ্ঞা কিংবা নিরাপত্তা কাঠামোর মতো গুরুত্বপূর্ণ বিষয় ইউরোপকে বাদ দিয়ে সমাধান করা সম্ভব নয়।
বৈঠকের আলোচ্যসূচি নিয়ে অনিশ্চয়তা
তিন নেতার বৈঠকে ইউক্রেন যুদ্ধের বিষয়টি আলোচনায় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। রুশ প্রেসিডেন্টের সহকারী ইউরি উশাকভ জানিয়েছেন, আলোচনার বিষয়গুলো এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে কোনো না কোনোভাবে ইউক্রেন ইস্যু আলোচনায় আসতে পারে।
অন্যদিকে, ট্রাম্প জানিয়েছেন, পুতিন ও সি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে ইউক্রেন যুদ্ধের পরিবর্তে পারমাণবিক অস্ত্র ও নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা করতে আগ্রহী তিনি।
ওয়াশিংটনের আমেরিকান ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ও চীন বিশেষজ্ঞ জোসেফ তুরিগিয়ানের মতে, ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনায় সরাসরি যুক্ত হতে চায় না চীন। কারণ, এতে রাশিয়ার প্রতি বেইজিংয়ের সমর্থনের বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠতে পারে। বিশেষ করে ইউরোপকে বাদ দিয়ে আলোচনা হলে চীনের অবস্থান নিয়ে নতুন প্রশ্ন তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
তাঁর মতে, রাশিয়া এই বৈঠকের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের বিচ্ছিন্নতা কাটিয়ে ওঠার সুযোগ পেতে পারে। অন্যদিকে, ট্রাম্পের কাছে তিন পরাশক্তির নেতাদের একসঙ্গে বৈঠকে বসাও একটি বড় রাজনৈতিক অর্জন হিসেবে বিবেচিত হতে পারে।
চীনের লাভ কতটা
বিশ্লেষকদের মতে, এই বৈঠক চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের আন্তর্জাতিক ভাবমূর্তি আরও শক্তিশালী করতে পারে। বিশ্বের দুই গুরুত্বপূর্ণ পরাশক্তির নেতার সঙ্গে একই টেবিলে বসার মাধ্যমে তাঁকে একজন প্রভাবশালী বৈশ্বিক রাষ্ট্রনায়ক হিসেবে তুলে ধরার সুযোগ তৈরি হবে।
তবে চীনের জন্যও ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলন সুখকর স্মৃতি নয়। ওই সম্মেলনে চীনের ভবিষ্যৎ ও স্বার্থ নিয়ে আলোচনা হলেও দেশটির নিজস্ব কোনো প্রতিনিধি সেখানে অংশ নেননি। বরং সোভিয়েত ইউনিয়নের স্বার্থ রক্ষায় চীনের ভূখণ্ড ও অর্থনৈতিক স্বার্থ নিয়ে সিদ্ধান্ত হয়েছিল। ফলে চীনও চায় না, বর্তমান বিশ্বে অন্য পরাশক্তিগুলো তাদের অনুপস্থিতিতে কোনো সিদ্ধান্ত গ্রহণ করুক।
গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষক মার্সিন কাজমারস্কির মতে, ত্রিপক্ষীয় বৈঠক চীনের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বাড়াতে পারে। তবে ইউরোপের সঙ্গে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হোক, সেটি বেইজিং চাইবে না।
সব মিলিয়ে ট্রাম্প, পুতিন ও সি চিন পিংয়ের সম্ভাব্য বৈঠক শুধু তিন দেশের সম্পর্কের বিষয় নয়; বরং ইউক্রেন যুদ্ধ, বৈশ্বিক নিরাপত্তা, পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক ক্ষমতার ভারসাম্যের ওপরও এর প্রভাব পড়তে পারে। বিশেষ করে ইউরোপকে আলোচনার বাইরে রেখে কোনো সমঝোতা হলে তা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে।