স্টাফ রিপোর্টার:
রাজশাহীতে দুর্বৃত্তদের হামলায় বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে একটি বাস সম্পূর্ণ পুড়ে গেছে এবং অপর বাসটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। একই রাতে জেলার চারঘাট উপজেলায় রেললাইনেও আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে প্রায় এক ঘণ্টা ওই পথে ট্রেন চলাচল বন্ধ ছিল। এ ছাড়া নগরীর দুটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।
বুধবার (১৮ নভেম্বর) রাত ২টা ২৫ মিনিটের দিকে রাজশাহী নগরীর আমচত্বর এলাকায় বিআরটিসি বাস টার্মিনালে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে টার্মিনালে দাঁড়িয়ে থাকা দুটি বাস লক্ষ্য করে দুর্বৃত্তরা পেট্রলবোমা নিক্ষেপ করে। এতে একটি বাসে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই একটি বাস পুড়ে যায় এবং অন্য বাসটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়।
শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এদিকে, একই রাতে রাত ১১টা ১৫ মিনিটের দিকে চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের বাগমারী গ্রামে রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে ওই পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ঢাকা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী ঢাকা কমিউটার ট্রেনটি ঘটনাস্থলে আটকা পড়ে।
পরে স্থানীয় লোকজন সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে চারঘাট মডেল থানা পুলিশের একটি দলও ঘটনাস্থলে যায়। রেললাইনে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা কারিগরি ত্রুটি হয়েছে কি না, তা পরীক্ষা করতে সংশ্লিষ্ট রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হয়।
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক আহম্মদ হোসেন মাসুম জানান, চারঘাটের নন্দনগাছী স্টেশনের পূর্ব দিকে বাগমারী এলাকায় রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। আগুন নেভানোর পর রাত ১২টা ৫ মিনিটে ওই পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এ ছাড়া রাত ১২টার দিকে রাজশাহী নগরীর শিরোইল এলাকায় জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের কার্যালয়ের সামনে এবং কোর্ট এলাকায় জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
একই রাতে বাসে অগ্নিসংযোগ, রেললাইনে আগুন ও ককটেল বিস্ফোরণের পৃথক ঘটনায় রাজশাহীর সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনাগুলোর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।