সূর্য আহমেদ মিঠুন:
রাজধানীর ব্যস্ততম বাণিজ্যিক এলাকা গুলিস্তান থেকে গোলাপ শাহ মাজার পর্যন্ত ফুটপাত ও সড়ক দখল করে হকারদের ব্যবসা পরিচালনার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও যানবাহন চালকরা। বারবার উচ্ছেদ অভিযান পরিচালনা করেও পরিস্থিতির স্থায়ী সমাধান করতে পারছে না প্রশাসন। অভিযান শেষ হওয়ার কয়েক ঘণ্টা কিংবা এক-দুই দিনের মধ্যেই আবারও আগের অবস্থায় ফিরে যাচ্ছে পুরো এলাকা।
সাম্প্রতিক অক্টোবর ও নভেম্বর মাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়েক দফা উচ্ছেদ অভিযান পরিচালনা করে। গুলিস্তান জিরো পয়েন্ট থেকে গোলাপ শাহ মাজার পর্যন্ত এসব অভিযানে ফুটপাত ও সড়কের অবৈধ স্থাপনা সরিয়ে দেওয়া হলেও অভিযান শেষ হওয়ার পরপরই আবারও বসতে শুরু করেন হকাররা।
এদিকে গুলিস্তান শপিং কমপ্লেক্স থেকে গোলাপ শাহ মাজার হয়ে সদরঘাটমুখী সড়কের বড় একটি অংশ হকারদের দখলে থাকায় পথচারীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। অনেক ক্ষেত্রে ফুটপাত দিয়ে হাঁটার সুযোগ না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে মূল সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে পথচারীদের। এতে যানবাহনের গতি কমে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট।
স্থানীয়দের অভিযোগ, দিনের বেশির ভাগ সময়ই এই এলাকায় যানজট লেগে থাকে। ফুটপাত ও সড়ক দখলের কারণে মানুষের চলাচল যেমন বাধাগ্রস্ত হচ্ছে, তেমনি বাড়ছে ছিনতাইসহ বিভিন্ন অপরাধের ঝুঁকিও। বিশেষ করে ব্যস্ত সময়ে পথচারী ও যানবাহন চালকদের ভোগান্তি চরমে পৌঁছায়।
অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত স্থান ছাড়া ফুটপাত ও সড়কে কেউ ব্যবসা পরিচালনা করতে পারবেন না। নির্দেশনা অমান্য করে পুনরায় দখল করলে মালামাল জব্দ এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে হকারদের দাবি, বিকল্প কর্মসংস্থান কিংবা উপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ অভিযান পরিচালনা করায় তাঁরা জীবিকার তাগিদে আবারও রাস্তায় বসতে বাধ্য হচ্ছেন। তাঁদের মতে, উচ্ছেদের পাশাপাশি স্থায়ী পুনর্বাসনের উদ্যোগ নেওয়া প্রয়োজন।
নগরবাসীর প্রশ্ন, বারবার উচ্ছেদ অভিযান পরিচালনার পরও কেন দখলমুক্ত রাখা যাচ্ছে না রাজধানীর গুরুত্বপূর্ণ এই সড়ক? অভিযান শেষ হওয়ার পর কারা আবার হকারদের বসার সুযোগ করে দিচ্ছে, তা নিয়েও উঠছে নানা প্রশ্ন।
সংশ্লিষ্টদের মতে, শুধু অভিযান পরিচালনা করলেই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। এ জন্য প্রয়োজন নিয়মিত তদারকি, সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখার কার্যকর ব্যবস্থা এবং হকারদের জন্য বাস্তবসম্মত পুনর্বাসন পরিকল্পনা গ্রহণ।
নগরবাসীর প্রত্যাশা, গুলিস্তান থেকে গোলাপ শাহ মাজার পর্যন্ত ফুটপাত ও সড়ক দখলমুক্ত করে পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে দ্রুত কার্যকর ও স্থায়ী পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।