মানবসেবার আলো ছড়াবে বরুড়ার প্রতিটি ঘরে : শাহ আলম

 

মোঃ আনজার শাহ

বরুড়ার প্রত্যন্ত জনপদে মানবসেবার যে নীরব ধারা বয়ে চলছে, তাকে আরও বেগবান করতে প্রবাসী ও সামর্থ্যবান মানুষের উদার হস্তে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি সভাপতি ও তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম।

তিনি বলেন, সংগৃহীত প্রতিটি টাকা সুশৃঙ্খল ব্যবস্থাপনার মাধ্যমে সন্তানদের কল্যাণেই ফিরিয়ে দেওয়া হবে। ঢাকাস্থ উত্তর বরুড়া সমিতির সম্মাননা সভায় বক্তব্যের সময় তিনি এ আহ্বান জানান।

উত্তর বরুড়া সমিতি ও জনকল্যাণ সমিতির মধ্যে কোনো দূরত্ব নেই,এমন স্পষ্ট অবস্থান নেন শাহ আলম। তিনি বলেন, “এখানে নূন্যতম কোনো দূরত্ব নেই। দুই সংগঠন একই মুদ্রার দুই পিঠ, আমরা একে অপরের পরিপূরক।” উত্তর বরুড়া সমিতির প্রায় সবাই জনকল্যাণ সমিতিরও সদস্য এবং মানবকল্যাণমূলক সব কাজে তাঁরা আগ্রহ নিয়ে অংশ নেন বলে তিনি জানান।

শিক্ষা খাতে সমিতির কার্যক্রম তুলে ধরে শাহ আলম জানান, আগামী মাসের ১২ তারিখে মাননীয় মন্ত্রীর উপস্থিতিতে প্রায় পাঁচ থেকে সাত লাখ টাকার বৃত্তি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হবে। এবার মাদরাসাকেও এর আওতায় আনা হয়েছে।

মাদরাসাসহ দুই শতাধিক বিদ্যালয়ের প্রায় এক হাজার শিক্ষার্থী এতে অংশ নেবে। এ পর্যন্ত আটশ শিক্ষার্থীর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে; সংখ্যাটি বারোশ ছাড়াবে বলে প্রত্যাশা করছেন তিনি। উপজেলা পর্যায়ের অনেক সমিতির নিজস্ব স্থায়ী ঠিকানা না থাকলেও জনকল্যাণ সমিতির তা রয়েছে এবং স্থায়ী নিবন্ধনের কাজও এগিয়ে চলছে বলে জানান তিনি।

স্বাস্থ্যসেবায় সমিতির অর্জন তুলে ধরে শাহ আলম বলেন, বছরে দুই-তিনটি মেডিকেল ক্যাম্পের পাশাপাশি প্রতি মাসে একটি করে চক্ষু ক্যাম্প আয়োজন করা হচ্ছে। তাঁর দৃঢ় প্রত্যয়, বরুড়ায় কোনো চক্ষুরোগী অবহেলায় থাকবে না।
নতুন কমিটির দায়িত্ব গ্রহণের পর পাঁচটি চক্ষু ক্যাম্প হয়েছে। এতে প্রায় ৬০০ মানুষের বিনামূল্যে ছানি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। প্রতিটি অস্ত্রোপচারে গড়ে ২০ হাজার টাকা ব্যয় ধরলে এর আর্থিক মূল্য দাঁড়ায় প্রায় এক কোটি টাকা। বছরের বাকি নয় মাসে মাসে দুটি করে মোট ২০টি ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

কুমিল্লার একটি চক্ষু হাসপাতালের সঙ্গে সমিতির সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর আওতায় রোগীদের গাড়িতে নিয়ে যাওয়া, খাবার, চিকিৎসা ও ওষুধ প্রদান এবং চিকিৎসা শেষে বাড়িতে পৌঁছে দেওয়া হয়—কোনো খরচ ছাড়াই।

ঢাকায় বসবাসরত সমিতির সদস্যদের জন্য বড় হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ৩০ থেকে ৪০ শতাংশ ছাড়ে পরীক্ষা-নিরীক্ষা ও ভর্তির সুবিধা চালুর চেষ্টা চলছে বলে জানান শাহ আলম। শীত ও বর্ষায় দুস্থদের পাশে দাঁড়ানোর কথা উল্লেখ করে তিনি বলেন, এটি নতুন কিছু নয়; সমিতি সব সময়ই মানুষের পাশে ছিল।

গোপনে সম্মানের সহায়তা
আর্থিক অসচ্ছলতার কারণে চিকিৎসা করাতে অক্ষম মানুষদের সহায়তার বিষয়েও কথা বলেন তিনি। কাউকে সামাজিকভাবে বিব্রত না করতে সমিতি অত্যন্ত গোপনীয়তা ও সম্মানের সঙ্গে তাঁদের আর্থিক সহায়তা দিয়ে থাকে বলে জানান তিনি।

যোগ্যতাই হোক মাপকাঠি
শিক্ষার মান, মাদকাসক্তি এবং সামাজিক ও নৈতিক মূল্যবোধ নিয়ে আলোচনায় স্কুল-কলেজের পরিচালনা কমিটির সভাপতি নির্বাচনে যোগ্যতাকেই প্রাধান্য দেওয়ার অনুরোধ জানান শাহ আলম। তিনি বলেন, দলীয় বিবেচনা থাকতেই পারে, তবে দলের মধ্যে থেকেই সবচেয়ে যোগ্য ব্যক্তিকে বেছে নিতে হবে।

কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব পালনকালের স্মৃতিচারণ করে শাহ আলম বলেন, করোনাকালে প্রায় ৩০০ মানুষের আইসিইউ সুবিধার ব্যবস্থা করতে পেরেছিলেন। অস্থায়ী হাসপাতালে অক্সিজেন বিনামূল্যে সরবরাহের সুযোগও তাঁর হয়েছিল; তবে এ নিয়ে কোনো কৃতিত্ব দাবি করেন না বলে জানান তিনি।

সম্প্রতি এক অচেনা তরুণ ফোন করে নিজেকে তাঁর নাতি পরিচয় দিয়ে বাবার দুটি কিডনি নষ্ট হওয়ার কথা জানান। রাত ৯টার দিকে আইসিইউ অ্যাম্বুলেন্স ও হাসপাতালের ব্যবস্থা করে দেওয়ায় মৃত্যুপথযাত্রী সেই রোগী এখন সুস্থ। শাহ আলম বলেন, “কয়েক মিনিটের ফোনকল ছাড়া তেমন কোনো খরচ হয়নি। অথচ এর মূল্য অর্থ দিয়ে মাপা যায় না।”

বক্তব্যে তিনি বলেন, ইতিহাসে কোনো রাষ্ট্রের বড় উন্নয়ন রাজনৈতিক শক্তি ছাড়া হয়নি। রাজনৈতিক শক্তি যখন মানুষের কল্যাণে উদ্যোগী হয় এবং সামাজিক শক্তিগুলো তার বাস্তবায়নে যুক্ত হয়, তখনই সমাজে পরিবর্তন আসে। কৃষক, শিক্ষাবিদ, শ্রমিক ও ছাত্রসহ সব পেশার মানুষের অংশগ্রহণ এতে জরুরি।

উত্তর বরুড়া ও জনকল্যাণ সমিতির এই যোগসূত্র আরও গভীর হবে বলে আশা প্রকাশ করেন তিনি। সবাইকে ধন্যবাদ জানিয়ে শাহ আলম বলেন, “কাজের সুযোগ পেলে সবাই যেন হাত খুলে মানুষের জন্য কাজ করেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *