মোঃ আনজার শাহ
সরকারি উন্নয়ন প্রকল্পে নিম্নমানের নির্মাণকাজ ও অর্থের অপচয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। তিনি বলেছেন, এসব অনিয়মের সঙ্গে কোনো কর্মকর্তা জড়িত থাকলে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। তবে মিথ্যা অভিযোগ, ব্যক্তিগত স্বার্থ কিংবা উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার ভিত্তিতে কারও প্রতি অন্যায় করা হবে না।
ঢাকায় গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ও তদূর্ধ্ব কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরকারি উন্নয়নকাজের স্বচ্ছতা, জবাবদিহি ও গুণগত মান নিশ্চিত করার লক্ষ্যে নেওয়া হচ্ছে এমন কঠোর পদক্ষেপের কথা জানান মন্ত্রী।
জোনাল কাঠামোয় নতুন গতি
মন্ত্রী বলেন, গণপূর্ত অধিদপ্তরের জোনাল অফিসগুলোর কার্যক্রম আরও গতিশীল করার বিষয়টি সরকার বিবেচনা করছে। বিশেষ করে কুমিল্লা জোনের অধীনে অনেকগুলো জেলা ও উপজেলা থাকায় কাজ পরিচালনায় বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে।
এ বাস্তবতায় কুমিল্লা ও বগুড়ায় নতুন জোন গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। নতুন জোন গঠিত হলে মাঠপর্যায়ে তদারকি, প্রশাসনিক সমন্বয় এবং প্রকল্প বাস্তবায়নের গতি বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
কাজের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ৩০ সদস্যের একটি বিশেষ মনিটরিং ও অডিট প্যানেল গঠনের কথা জানান মন্ত্রী। এ প্যানেল থেকে চার-পাঁচজনের একেকটি দল গঠন করে দেশের বিভিন্ন জেলা ও প্রকল্পে আকস্মিক পরিদর্শনে পাঠানো হবে।
কোনো নির্দিষ্ট বা স্থায়ী দল থাকবে না; বরং বিভিন্ন সময়ে বিভিন্ন দল মাঠপর্যায়ে গিয়ে কাজের মান, অগ্রগতি ও ব্যয় যাচাই করবে। মন্ত্রীর ভাষ্য, এর মাধ্যমে প্রকল্পের প্রকৃত চিত্র জানা যাবে এবং অনিয়মের সুযোগ কমবে।
আগামী দশ বছরের সুযোগ
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অর্থনীতি পুনর্গঠনে নিরলসভাবে কাজ করছেন। তার নেতৃত্বে আগামী দশ বছর দেশকে এগিয়ে নেওয়ার যে সুযোগ তৈরি হয়েছে, তা কাজে লাগাতে পারলে বাংলাদেশের চেহারা বদলে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ লক্ষ্য অর্জনে সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেন, সরকারি অর্থ জনগণের অর্থ। প্রতিটি প্রকল্পের সঙ্গে এ দেশের মানুষের শ্রম, ঘাম ও কষ্টার্জিত অর্থ জড়িয়ে আছে। তাই অপচয়, অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাষ্ট্রীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে। প্রকল্পের ব্যয় যৌক্তিক পর্যায়ে রাখতে হবে, নির্ধারিত সময়ে কাজ শেষ করতে হবে এবং নির্মাণকাজের সর্বোচ্চ গুণগত মান নিশ্চিত করতে হবে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার কিংবা কাজের মানের সঙ্গে কোনো আপস করা যাবে না।
সভায় স্বাগত বক্তব্য দেন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এবং মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান।
এ ছাড়া মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং গণপূর্ত অধিদপ্তরের ঊর্ধ্বতন প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। সভায় অধিদপ্তরের চলমান কার্যক্রম, প্রকল্প বাস্তবায়নের চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।