স্পোর্টস ডেস্ক:
চোখের অস্ত্রোপচারের কারণে মাঠের বাইরে রয়েছেন স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালের আইভরি কোস্টের উইঙ্গার নিকোলাস পেপে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে, কোনো ধরনের সুরক্ষামূলক ব্যবস্থা ছাড়াই সূর্যগ্রহণ দেখার কারণে তাঁর চোখের সমস্যা হয়েছে। তবে এ দাবি সরাসরি নাকচ করেছে ভিয়ারিয়াল কর্তৃপক্ষ।
সূর্যগ্রহণের সময় খালি চোখে সূর্যের দিকে তাকালে চোখের রেটিনা ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে। এ কারণে বিশেষজ্ঞরা সূর্যগ্রহণ দেখার সময় যথাযথ সুরক্ষাব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন। পেপের চোখে অস্ত্রোপচারের খবর প্রকাশের পর তাঁর অসুস্থতার কারণ নিয়ে নানা আলোচনা শুরু হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিও ও ফুটেজ থেকে এ গুঞ্জনের সূত্রপাত। ধারণা করা হচ্ছে, গত ১২ আগস্ট পেপে নিজেই একটি ভিডিও পোস্ট করেছিলেন। সেখানে তাঁকে কোনো সোলার ফিল্টার ছাড়াই সূর্যগ্রহণের দিকে তাকিয়ে থাকতে দেখা যায় বলে দাবি করা হচ্ছে।
তবে চোখের অস্ত্রোপচারের সঙ্গে সূর্যগ্রহণ দেখার কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে ভিয়ারিয়াল। রোববার দেওয়া এক বিবৃতিতে ক্লাবটি জানায়, বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ও দাবিগুলো সত্য নয়। খেলোয়াড়দের স্বাস্থ্য নিয়ে প্রতিবেদন প্রকাশের আগে সঠিক তথ্য যাচাই এবং দায়িত্বশীলতা বজায় রাখার আহ্বান জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
অস্ত্রোপচারের পর থেকে দলের বাইরে রয়েছেন ৩১ বছর বয়সী এই উইঙ্গার। তবে তাঁর চোখের সমস্যার প্রকৃত কারণ সম্পর্কে ক্লাব বিস্তারিত কিছু জানায়নি।
পেপের অনুপস্থিতিতে ভিয়ারিয়াল লিভারপুল ও রিয়াল মাদ্রিদের বিপক্ষে পরপর দুটি ম্যাচে হেরেছে। চলতি মৌসুমে এখন পর্যন্ত ১২ ম্যাচে তিনটি গোল করেছেন তিনি। ২০২৪ সালে ভিয়ারিয়ালে যোগ দেওয়া পেপে গত মৌসুমে স্প্যানিশ ক্লাবটির হয়ে ৪৬ ম্যাচে আটটি গোল করার পাশাপাশি ১১টি গোলে সহায়তা করেছিলেন।