লিবিয়ার উপকূলে রুশ যুদ্ধজাহাজ ডুবানোর দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক:

লিবিয়ার পূর্ব উপকূলে রাশিয়ার যুদ্ধজাহাজ ‘মারকুরি’ ডুবিয়ে দেওয়ার দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ অভিযানে সাতটি সামুদ্রিক ড্রোন ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে রাশিয়ার একটি কার্গো জাহাজ ও সামরিক হেলিকপ্টারে হামলার দাবিও করেছেন ইউক্রেনের এই প্রেসিডেন্ট।

সোমবার (২৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে জেলেনস্কি এসব তথ্য জানান। তাঁর দাবি, রোববার লিবিয়ার উপকূলে রুশ যুদ্ধজাহাজ মারকুরিতে হামলা চালিয়ে সেটি ডুবিয়ে দেয় ইউক্রেনীয় বাহিনী। একই দিনে ‘এমভি আঙ্গারা’ নামের একটি রুশ কার্গো জাহাজেও ড্রোন হামলা চালানো হয়।

জেলেনস্কি আরও দাবি করেন, রুশ বাহিনীর অস্ত্র পরিবহনের কাজে ব্যবহৃত হতো এমভি আঙ্গারা। এ ছাড়া রাশিয়ার ভেতরে দেশটির সেনাবাহিনীর একটি কা-১৭ যুদ্ধ হেলিকপ্টার ধ্বংস করেছে ইউক্রেনীয় বাহিনী।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মারকুরিতে ড্রোন হামলার তথ্য স্বীকার করেছে। তবে এমভি আঙ্গারা কার্গো জাহাজ ও সামরিক হেলিকপ্টারে হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি মস্কো।

২০১১ সালে ন্যাটো-সমর্থিত অভ্যুত্থানে দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে লিবিয়া কার্যত বিভক্ত। দেশটির পশ্চিমাঞ্চল ত্রিপোলিভিত্তিক আন্তর্জাতিকভাবে স্বীকৃত গভর্নমেন্ট অব ন্যাশনাল ইউনিটির নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে পূর্বাঞ্চল নিয়ন্ত্রণ করছে সামরিক কমান্ডার খলিফা হাফতারের নেতৃত্বাধীন বাহিনী, যার সঙ্গে রাশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।

হামলার পর পূর্ব লিবিয়ার সরকারের প্রধানমন্ত্রী ওসামা হামাদ জাতিসংঘের সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদের কাছে ঘটনাটি তদন্তের আহ্বান জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, লিবিয়ার পশ্চিমাঞ্চল থেকে ড্রোনগুলো ছোড়া হয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। একই সঙ্গে পশ্চিম লিবিয়ায় ইউক্রেনীয় বিশেষজ্ঞদের উপস্থিতি এবং তাঁদের কর্মকাণ্ড সম্পর্কে কিয়েভের কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা চেয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *