ব্যুরো চিফ মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জের ফতুল্লায় দায়িত্ব পালনকালে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে আনোয়ার মোল্লা নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এ ঘটনায় অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুস ছাত্তারের নেতৃত্বে একটি দল সাদা পোশাকে ফতুল্লা মডেল থানাধীন কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে যায়। এ সময় একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কনস্টেবল আনোয়ার মোল্লা গুরুতর আহত হন।
সহকর্মীরা তাঁকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে গেলে রাত পৌনে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত আনোয়ার মোল্লা (কনস্টেবল নং-১৭৫৩) নারায়ণগঞ্জ জেলার শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তিনি ঢাকা জেলার নবাবগঞ্জ থানার পাতিলঝাপ এলাকার দত্তখন্ড গ্রামের জওন মোল্লা ও হাবিয়া বেগমের সন্তান। ২০১৮ সালের ১০ ফেব্রুয়ারি তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন এবং অত্যন্ত নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দীর্ঘ ৮ বছর ৯ মাস ১২ দিন দায়িত্ব পালন করেছেন।
এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় আজ সোমবার (২৩ নভেম্বর) ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জন দুর্বৃত্তের বিরুদ্ধে একটি এজাহার দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা (মামলা নং-৬৭) রুজু করা হয়েছে। মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে একই থানার এসআই (নিঃ) মো. রফিক, বিপিএমকে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।