স্টাফ রিপোর্টার:
নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা হত্যার ঘটনায় উত্তেজনাকর পরিস্থিতি ও পরবর্তী সহিংসতা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সার্বক্ষণিক পুলিশি টহল জোরদার রয়েছে। এদিকে নিহত দুই বিএনপি নেতার হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
রোববার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে কালিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলে প্রায় তিন হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। মিছিলটি কালিয়া পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিএনপি নেতা শাহিনুল ইসলাম ও সোহেল রানার হত্যার সুষ্ঠু বিচার দাবি করে।
জানা যায়, বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত মোটরসাইকেল শোভাযাত্রায় হামলার ঘটনায় গুরুতর আহত হন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম এবং জাসাসের উপজেলা সাধারণ সম্পাদক সোহেল রানা। চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে তাঁদের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।