মার্কিন আধিপত্যের দিন শেষ হচ্ছে বিশ্ব এগোচ্ছে বহুমেরু ব্যবস্থার দিকে

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের একক আধিপত্যের সময় শেষ হয়ে আসছে। আন্তর্জাতিক ব্যবস্থা ক্রমেই বহুমেরুকেন্দ্রিক কাঠামোর দিকে এগোচ্ছে। এমন বিশ্লেষণ দিয়েছেন যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক জন জে. মিয়ারশাইমার। তার মতে, বিশ্ব রাজনীতিতে আবারও বৃহৎ শক্তিগুলোর প্রতিযোগিতা ও প্রভাব বিস্তারের লড়াই জোরালো হচ্ছে।

পাকিস্তানের ‘মার্গালা ডায়ালগ’-এ প্রায় দুই ঘণ্টার এক বক্তৃতায় আন্তর্জাতিক রাজনীতির পরিবর্তন, বৃহৎ শক্তিগুলোর প্রতিদ্বন্দ্বিতা এবং ভবিষ্যৎ বিশ্বব্যবস্থা নিয়ে নিজের বিশ্লেষণ তুলে ধরেন ৭৮ বছর বয়সি এই রাষ্ট্রবিজ্ঞানী। তার বক্তব্যের বরাত দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে জিও নিউজ।

মিয়ারশাইমারের মতে, ১৯৯২ থেকে ২০১৭ সাল পর্যন্ত বিশ্ব ছিল একমেরুকেন্দ্রিক। ওই সময়ে যুক্তরাষ্ট্র একক পরাশক্তি হিসেবে আন্তর্জাতিক রাজনীতিতে প্রভাব বিস্তার করেছিল। সে সময়ের মার্কিন আধিপত্যের বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, ‘আমরা ছিলাম গডজিলার মতো, এবং আমরা সারা বিশ্বে ছুটে বেড়িয়ে প্রতিটি রাষ্ট্রের রাজনীতিতে হস্তক্ষেপ করেছি। সেটিই ছিল একমেরুকেন্দ্রিক মুহূর্ত।’

এর আগে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যকার দ্বিমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থার কথা স্মরণ করেন তিনি। ১৯৯১ সালের ডিসেম্বরে সোভিয়েত ইউনিয়নের পতনের মধ্য দিয়ে ওই ব্যবস্থার অবসান ঘটে। বৃহৎ শক্তিগুলোকে ‘গরিলা’র সঙ্গে তুলনা করে মিয়ারশাইমার বলেন, এসব শক্তি বিশ্বব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে এবং নানা সমস্যারও সৃষ্টি করে। তাই তাদের পারস্পরিক প্রতিযোগিতার দিকে বিশ্বের নজর রাখা প্রয়োজন।

যুক্তরাষ্ট্র-চীন প্রতিদ্বন্দ্বিতা ও পাকিস্তানের অবস্থান

মিয়ারশাইমারের মতে, একবিংশ শতাব্দীর বাকি সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৃহৎ শক্তির প্রতিদ্বন্দ্বিতা হবে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে। তার ভাষ্য, প্রথমবারের মতো ইউরোপের তুলনায় পূর্ব এশিয়া যুক্তরাষ্ট্রের কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ, চীন এখন ওয়াশিংটনের প্রধান প্রতিদ্বন্দ্বী।

যুক্তরাষ্ট্রের ‘পিভট টু এশিয়া’ বা এশিয়ামুখী নীতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, পূর্ব এশিয়ায় মার্কিন সামরিক উপস্থিতি বাড়িয়ে চীনকে কৌশলগতভাবে চাপে রাখাই ছিল এ নীতির অন্যতম উদ্দেশ্য।

যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিযোগিতার মধ্যে পাকিস্তানের অবস্থান নিয়েও কথা বলেন তিনি। তার মতে, ওয়াশিংটন ও বেইজিং—উভয়ের সঙ্গে ইসলামাবাদের ভালো সম্পর্ক রয়েছে। এখন পর্যন্ত পাকিস্তানকে কোনো একটি পক্ষ বেছে নিতে বাধ্য করা হয়নি, যা দেশটির স্বার্থের অনুকূল।

তবে চীন ও যুক্তরাষ্ট্র এশিয়াজুড়ে তীব্র নিরাপত্তা প্রতিযোগিতায় জড়িয়ে পড়ায় ভবিষ্যতে পাকিস্তানকে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হতে পারে বলে সতর্ক করেন তিনি। চীনের শক্তিশালী নৌবাহিনী গড়ে তোলার প্রচেষ্টার কথাও উল্লেখ করেন এই রাষ্ট্রবিজ্ঞানী।

কৌশলগত চাপে যুক্তরাষ্ট্র

মিয়ারশাইমারের বিশ্লেষণ অনুযায়ী, পারস্য উপসাগর ও ইউক্রেনের সংঘাতে জড়িয়ে পড়ায় যুক্তরাষ্ট্র এখন পূর্ব এশিয়ায় প্রয়োজনীয় মনোযোগ দিতে পারছে না। এ কারণে এশিয়ামুখী নীতির পরিবর্তে অঞ্চলটি থেকে মার্কিন মনোযোগ সরে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে।

তিনি বলেন, মধ্যপ্রাচ্য ও ইউক্রেনে গভীরভাবে জড়িয়ে পড়ার কারণে যুক্তরাষ্ট্র এখন পূর্ব এশিয়ায় নতুন কোনো সংকট কিংবা চীনের সঙ্গে সংঘাত চায় না। পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি বাড়াতে পূর্ব এশিয়া থেকে গুরুত্বপূর্ণ নৌবহর সরিয়ে নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তার মতে, কৌশলগত চাপের কারণেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রতি তুলনামূলক নমনীয় আচরণ করছেন। তবে ইরান ও ইউক্রেনের যুদ্ধ শেষ হলে যুক্তরাষ্ট্র আবারও এশিয়ায় মনোযোগী হবে। তখন চীন-যুক্তরাষ্ট্র উত্তেজনা আরও বাড়তে পারে, যা পাকিস্তানের জন্য স্বস্তিদায়ক হবে না।

যুক্তরাষ্ট্রের যুদ্ধনীতির সমালোচনা করে মিয়ারশাইমার বলেন, দেশটি যুদ্ধের প্রতি আসক্ত। আফগানিস্তান ও ইরাকে সামরিক অভিজ্ঞতার পরও ইরানের সঙ্গে আবার সংঘাতে জড়ানোকে তিনি অযৌক্তিক সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেন।

ইরানে মার্কিন হামলার বিষয়ে তিনি বলেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্ররোচনায় ট্রাম্প শুধু বিমান হামলার মাধ্যমে ইরানের শাসনব্যবস্থা পরিবর্তনের চেষ্টা করেছেন। কিন্তু ইতিহাসে কেবল বিমান শক্তি ব্যবহার করে কোনো দেশের শাসনব্যবস্থা পরিবর্তনের নজির নেই। এ জন্য স্থল অভিযান প্রয়োজন বলে মনে করেন তিনি। তার আশঙ্কা, এ যুদ্ধে যুক্তরাষ্ট্র পরাজিত এবং ইরান জয়ী হতে পারে। ইরানের পাল্টা আঘাত আন্তর্জাতিক অর্থনীতির ক্ষতিও বাড়াতে পারে।

গাজায় ইসরাইলের অভিযান ও যুক্তরাষ্ট্রের ভূমিকা

গাজায় ইসরাইলের সামরিক অভিযানেরও কঠোর সমালোচনা করেন মিয়ারশাইমার। তার দাবি, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর ইসরাইল গাজায় ফিলিস্তিনিদের বিতাড়িত করার সুযোগ হিসেবে সামরিক অভিযানকে ব্যবহার করেছে। তিনি এ অভিযানকে গণহত্যা হিসেবে আখ্যা দেন।

মিয়ারশাইমার বলেন, ফিলিস্তিনিদের গাজা থেকে বিতাড়িত করার চেষ্টা ব্যর্থ হয়েছে, কারণ তারা সেখান থেকে সরে যায়নি। তবে ইসরাইল এখনো তাদের বিতাড়িত করার চেষ্টা করছে। পশ্চিম তীর থেকেও ফিলিস্তিনিদের জর্ডানে সরিয়ে দেওয়ার উদ্যোগ রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

গাজায় ইসরাইলের কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্রের সমর্থনকে দায়ী করে এই রাষ্ট্রবিজ্ঞানী বলেন, ওয়াশিংটনের সহযোগিতা ছাড়া এ ধরনের অভিযান সম্ভব হতো না।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও আন্তর্জাতিক আইন

বর্তমান বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থায় যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়াকে তিনটি প্রধান শক্তি হিসেবে বিবেচনা করেন মিয়ারশাইমার। তার মতে, এখনো যুক্তরাষ্ট্র সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র। চীন খুব কাছাকাছি অবস্থানে রয়েছে এবং এই তিন শক্তির মধ্যে রাশিয়া তুলনামূলকভাবে দুর্বল।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গে তিনি বলেন, ইউক্রেনের পূর্বাঞ্চলের সামান্য অংশ দখল করতেও রাশিয়াকে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে। রুশ সেনাবাহিনী ততটা দক্ষ বা শক্তিশালী নয় উল্লেখ করে তিনি পুরো ইউক্রেন কিংবা পূর্ব ইউরোপ দখলের সম্ভাবনাও নাকচ করেন।

তার মতে, ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা রাশিয়াকে আরও বেশি করে চীনের দিকে ঝুঁকিয়ে দিচ্ছে। ক্ষমতার ভারসাম্যের নীতি অনুযায়ী, চীনের মোকাবিলায় যুক্তরাষ্ট্রের উচিত ছিল রাশিয়াকে নিজেদের কাছাকাছি রাখা।

বক্তৃতার শেষ পর্যায়ে আন্তর্জাতিক রাজনীতিকে হতাশাজনক বলে উল্লেখ করেন মিয়ারশাইমার। তার মতে, বৃহৎ শক্তিগুলো নিজেদের স্বার্থে আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও আইন তৈরি করে। কিন্তু সেই আইন বা নিয়ম নিজেদের স্বার্থের বিরুদ্ধে গেলে তারাই তা উপেক্ষা করে। ফলে আন্তর্জাতিক আইন ও নিয়মকানুন দুর্বল রাষ্ট্রগুলোর ওপর বেশি কার্যকর হলেও শক্তিশালী রাষ্ট্রগুলোর ক্ষেত্রে তা অনেক সময় কার্যকর হয় না।

সূত্র: জিও নিউজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *