পত্রিকার নাম লোগো ব্যবহার করে সিলেটে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগ

স্টাফ রিপোর্টার:

জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’ পত্রিকার নাম, পরিচয় ও লোগো ব্যবহার করে সিলেটে প্রতারণা, অপপ্রচার এবং চাঁদাবাজির অভিযোগ উঠেছে মোঃ রায়হান হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। নিজেকে পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক পরিচয় দিয়ে বিভিন্ন সরকারি দপ্তর, উপজেলা প্রশাসন ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন বলে অভিযোগ করেছে পত্রিকা কর্তৃপক্ষ।

এ ছাড়া পত্রিকার মূল ওয়েবসাইটের নামের সঙ্গে সামান্য বানান পরিবর্তন করে নকল ডোমেইন তৈরি, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পেজ পরিচালনা এবং পত্রিকার লোগো ব্যবহারের অভিযোগও উঠেছে। বিষয়টি নজরে আসার পর পত্রিকার প্রকৃত সম্পাদক, প্রকাশক ও দায়িত্বশীল ব্যক্তিদের পরিচয় তুলে ধরে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে অভিযোগের তথ্য-প্রমাণ সংগ্রহ করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানানো হয়েছে।

পত্রিকা কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্টের ডিক্লারেশন এবং ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সংশ্লিষ্ট নথিতে মুদ্রাকর, সম্পাদক ও প্রকাশক হিসেবে মাইনুল হক ভূঁইয়ার নাম রয়েছে। পরবর্তীতে ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে এম এ মমিন আনসারী এবং ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে দেওয়ান আজাদ পারভেজ দায়িত্ব পালন করছেন।

কর্তৃপক্ষের দাবি, মোঃ রায়হান হোসেন কখনোই পত্রিকাটির সম্পাদক, ভারপ্রাপ্ত সম্পাদক, প্রকাশক কিংবা সম্পাদনা ও প্রকাশনা সংশ্লিষ্ট কোনো দায়িত্বশীল পদে ছিলেন না। অতীতে তিনি স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করলেও সেই পরিচয়ের ভিত্তিতে পত্রিকার নাম, লোগো, ওয়েবসাইট কিংবা সম্পাদনা-প্রকাশনার পরিচয় ব্যক্তিগতভাবে ব্যবহারের কোনো অধিকার তাঁর নেই।

অথচ অভিযোগ রয়েছে, তিনি নিজেকে পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক পরিচয় দিয়ে সিলেটে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছেন। পত্রিকা কর্তৃপক্ষের ভাষ্য, তাঁর এ পরিচয় সম্পূর্ণ অননুমোদিত ও বিভ্রান্তিকর।

নকল ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে পেজ পরিচালনার অভিযোগ

জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পত্রিকাটির মূল ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে। অফিসিয়াল ফেসবুক পেজ হিসেবে Tadantoreport Online এবং Tadantoreport Multimedia ব্যবহৃত হচ্ছে।

কর্তৃপক্ষের অভিযোগ, মূল ওয়েবসাইটের ডোমেইন নামের সঙ্গে সামঞ্জস্য রেখে সামান্য বানান পরিবর্তন করে আরেকটি ওয়েবসাইট তৈরি করা হয়েছে। মূল ডোমেইনের Tadanto শব্দের পরিবর্তে Tadanta ব্যবহার করে নামের মধ্যে পার্থক্য আনা হয়েছে। এতে সাধারণ পাঠক, বিজ্ঞাপনদাতা, সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা সহজেই বিভ্রান্ত হতে পারেন।

একইভাবে পত্রিকার নাম ও লোগোর সঙ্গে মিল রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে পেজ তৈরি করে নিজেকে পত্রিকার দায়িত্বশীল ব্যক্তি হিসেবে উপস্থাপনের অভিযোগও করেছে কর্তৃপক্ষ। এসব ওয়েবসাইট ও পেজের সঙ্গে পত্রিকার প্রকৃত সম্পাদনা ও প্রকাশনা কর্তৃপক্ষের কোনো অনুমোদিত সম্পর্ক নেই বলে দাবি করা হয়েছে।

বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং ডোমেইন ও হোস্টিং সেবাদানকারী প্রতিষ্ঠানকে জানানো হয়েছে বলে জানিয়েছে পত্রিকা কর্তৃপক্ষ।

সিলেটে অপপ্রচার ও অর্থ দাবির অভিযোগ

পত্রিকার নাম ও সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে সিলেটের বিভিন্ন উপজেলা, সরকারি দপ্তর এবং প্রশাসনিক পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে নেতিবাচক সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে অর্থ ও বিভিন্ন সুবিধা দাবি করার অভিযোগ উঠেছে রায়হান হোসেনের বিরুদ্ধে।

অভিযোগকারীদের দাবি, কোনো কোনো ক্ষেত্রে কথিত সংবাদ, ফটোকার্ড কিংবা প্রকাশনার কপি দেখিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর চাপ প্রয়োগ করা হয়। অর্থ বা সুবিধা দিতে রাজি না হলে তাঁদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক প্রচারণা চালানোর অভিযোগও রয়েছে।

এসব সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্য-প্রমাণ যাচাই এবং সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য গ্রহণ করা হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা।

৫০ লাখ টাকা দাবির অভিযোগ, এরপর সংবাদ প্রকাশ

উপজেলা নির্বাচন অফিসের এক কর্মকর্তার অভিযোগ, রায়হান হোসেন তাঁর কাছে প্রায় ৫০ লাখ টাকা দাবি করেছিলেন। অভিযোগ অনুযায়ী, ওই অর্থ দিতে রাজি না হওয়ায় পরবর্তী সময়ে তাঁকে এবং উপজেলা নির্বাচন কার্যালয়ের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে জড়িয়ে বিভিন্ন অভিযোগসংবলিত সংবাদ প্রকাশ করা হয়।

প্রকাশিত সংবাদে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন, ফাইল নিষ্পত্তিতে বিলম্ব, আর্থিক লেনদেন ও বিভিন্ন অনিয়মের অভিযোগ আনা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তার দাবি, এসব অভিযোগ প্রকাশের আগে যথাযথ তথ্য-প্রমাণ যাচাই কিংবা তাঁদের বক্তব্য নেওয়া হয়নি।

এনআইডি সংশোধনসংক্রান্ত একটি বিষয় এবং এলাকার একটি ভোটকেন্দ্র স্থানান্তর নিয়ে মতপার্থক্যের পর থেকেই তাঁর ও কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেছেন ওই কর্মকর্তা।

এ ছাড়া রায়হান হোসেন উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে বিভিন্ন তথ্য দিয়ে একটি পরিচয়পত্র তৈরির চেষ্টা করেছিলেন বলে অভিযোগকারীর পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে প্রয়োজনীয় তথ্যের সত্যতা ও বৈধতা নিয়ে প্রশ্ন থাকায় তাঁকে পরিচয়পত্র দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। এরপর থেকেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশের অভিযোগ ওঠে।

পত্রিকা কর্তৃপক্ষের কঠোর অবস্থান

জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্টের মুদ্রাকর, সম্পাদক ও প্রকাশক মাইনুল হক ভূঁইয়া এবং ভারপ্রাপ্ত সম্পাদক এম এ মমিন আনসারী এক বিবৃতিতে জানিয়েছেন, মোঃ রায়হান হোসেন পত্রিকাটির বর্তমান কোনো দায়িত্বশীল পদে নেই। পত্রিকার নাম, পরিচয়, লোগো ও ওয়েবসাইট ব্যবহারের কোনো অনুমোদনও তাঁকে দেওয়া হয়নি।

ভারপ্রাপ্ত সম্পাদক এম এ মমিন আনসারী বলেন, জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্টের একটি নির্দিষ্ট ডিক্লারেশন রয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকার তথ্য অনুযায়ী পত্রিকার মুদ্রাকর, সম্পাদক ও প্রকাশক মাইনুল হক ভূঁইয়া। পরবর্তীতে ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে তিনি এবং ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে দেওয়ান আজাদ পারভেজ দায়িত্ব পালন করছেন।

তিনি বলেন, রায়হান হোসেন পত্রিকার সম্পাদনা বা প্রকাশনা সংশ্লিষ্ট কোনো দায়িত্বে কখনোই ছিলেন না। অথচ তিনি নিজেকে ভারপ্রাপ্ত সম্পাদক পরিচয় দিয়ে পত্রিকার নাম, লোগো ও ওয়েবসাইট ব্যবহার করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এটি অত্যন্ত গুরুতর বিষয়।

এম এ মমিন আনসারী আরও বলেন, মূল ওয়েবসাইটের নামের সঙ্গে সামান্য বানান পরিবর্তন করে নকল ওয়েবসাইট তৈরি করা হয়েছে বলে তাঁরা দেখতে পেয়েছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বিভ্রান্তিকর পেজ পরিচালনার অভিযোগ রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ডোমেইন-হোস্টিং সেবাদানকারী প্রতিষ্ঠানকে জানানো হয়েছে।

পত্রিকার পরিচয় ব্যবহার করে কেউ ব্যক্তিগত স্বার্থ হাসিল কিংবা কোনো ধরনের অপকর্ম করলে তার দায়ভার পত্রিকা কর্তৃপক্ষ নেবে না বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, সিলেটের বিভিন্ন সরকারি কর্মকর্তা, থানা ও প্রশাসনিক দপ্তরের দায়িত্বশীল ব্যক্তিদের বিরুদ্ধে অপপ্রচার, অর্থ দাবি এবং হয়রানির অভিযোগ তাঁদের নজরে এসেছে। এসব অভিযোগের তথ্য-প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। পত্রিকার নাম, পরিচয় ও লোগোর অপব্যবহার বন্ধে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা

অভিযুক্ত রায়হান হোসেনের বক্তব্য জানতে তাঁর ব্যবহৃত মোবাইল ফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পরে হোয়াটসঅ্যাপে লিখিত বার্তা পাঠিয়ে পত্রিকার নাম, পরিচয় ও লোগো ব্যবহারের বিষয়ে তাঁর বক্তব্য জানতে চাওয়া হয়।

পত্রিকা কর্তৃপক্ষের অভিযোগ, জবাব দেওয়ার পরিবর্তে তিনি অসৌজন্যমূলক আচরণ করেন এবং আপত্তিকর ভাষায় গালিগালাজ করেন। বিভিন্ন সময়ে তাঁর সঙ্গে হওয়া কথোপকথন, পাঠানো বার্তা ও প্রাপ্ত উত্তরগুলোর স্ক্রিনশট সংরক্ষণ করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত রায়হান হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।

প্রশাসনের হস্তক্ষেপ কামনা

জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্ট কর্তৃপক্ষ সিলেটের ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা, পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন, সরকারি দপ্তর, গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

পত্রিকার নাম, পরিচয়, লোগো কিংবা ওয়েবসাইট ব্যবহার করে কেউ সংবাদ প্রকাশ, পরিচয় প্রদান অথবা আর্থিক সুবিধা দাবি করলে তা সরাসরি পত্রিকা কর্তৃপক্ষের সঙ্গে যাচাই করার অনুরোধ জানানো হয়েছে।

এ ছাড়া সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন থানায় সাধারণ ডায়েরি (জিডি) ও অভিযোগ রয়েছে বলে দাবি করেছে পত্রিকা কর্তৃপক্ষ। এসব অভিযোগের নথি যাচাই করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

কর্তৃপক্ষের বক্তব্য, একটি জাতীয় সংবাদমাধ্যমের নাম, পরিচয় ও লোগো ব্যবহার করে কেউ ব্যক্তিগত স্বার্থে কোনো কর্মকাণ্ড পরিচালনা করলে তা শুধু প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করে না, সাধারণ মানুষকেও বিভ্রান্ত ও ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে পত্রিকাটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *