কৃষকের হাতে বিনামূল্যে বীজ ও সার: বরুড়ায় শুরু কৃষি প্রণোদনা কর্মসূচি

মোঃ আনজার শাহ

মাটির বুকে সোনালি ফসলের স্বপ্ন বুনতে কুমিল্লার বরুড়ায় শুরু হয়েছে কৃষি প্রণোদনা কর্মসূচি। কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকের উৎপাদন ব্যয় কমিয়ে অধিক ফলন অর্জনের লক্ষ্যে ২০২৬–২৭ অর্থবছরের রবি মৌসুমে সরিষা ও উচ্চফলনশীল (উফশী) বোরো ধানের আবাদ সম্প্রসারণে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বরুড়া উপজেলা পরিষদের হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি এবং বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

কর্মসূচির আওতায় উপজেলার ১ হাজার ৬০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে কৃষি উপকরণ দেওয়া হবে। এর মধ্যে সরিষা চাষের জন্য ৬০০ জন এবং উফশী বোরো ধান চাষের জন্য ১ হাজার কৃষক এ প্রণোদনা পাবেন।

বরাদ্দ অনুযায়ী, সরিষা চাষে প্রত্যেক কৃষক পাবেন ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার। উফশী বোরো ধান চাষে প্রত্যেক কৃষককে দেওয়া হবে ৫ কেজি বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার। নির্ধারিত একর প্রতি জমির জন্য এসব উপকরণ বরাদ্দ করা হয়েছে।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, ‘কৃষির উন্নয়ন মানেই দেশের অর্থনৈতিক অগ্রগতির ভিত আরও মজবুত হওয়া। কৃষকের হাতে মানসম্মত বীজ ও প্রয়োজনীয় সার পৌঁছে দেওয়া গেলে উৎপাদন বাড়ানো এবং চাষাবাদের ব্যয় কমানো সম্ভব।’

তাঁর ভাষ্য, সরকারের এ কর্মসূচির মূল লক্ষ্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎসাহিত করা, অনাবাদি জমিকে চাষের আওতায় আনা এবং আধুনিক কৃষিপ্রযুক্তির মাধ্যমে অধিক ফলন নিশ্চিত করা।

তিনি আরও বলেন, শুধু উপকরণ সরবরাহ করলেই চলবে না; সঠিক সময়ে বীজ বপন, সুষম সার প্রয়োগ ও আধুনিক চাষাবাদ পদ্ধতি অনুসরণে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তাও দিতে হবে। কৃষকের পাশে থেকে উৎপাদন বাড়াতে কৃষি বিভাগ সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ প্রণোদনার ফলে বরুড়ায় সরিষা ও উফশী বোরো ধানের আবাদ আরও বিস্তৃত হবে। এতে কৃষকের উৎপাদন ব্যয় কমবে, ফলন বাড়বে এবং স্থানীয় কৃষি অর্থনীতিতে আসবে ইতিবাচক পরিবর্তন। কৃষকের সমৃদ্ধির পথ ধরেই গড়ে উঠবে স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *