ফাতেমা খুরশিদ সোমায়া:
সরকারি নাগরিক সেবা ও দাপ্তরিক কার্যক্রমের শতভাগ ডিজিটাল রূপান্তর এবং আইসিটি খাতে অন্তত ১০ লাখ উন্নতমানের কর্মসংস্থান সৃষ্টির দাবি জানিয়েছে বেসিস সংস্কার পরিষদ।
একই সঙ্গে সাম্প্রতিক হত্যাকাণ্ড ও নাশকতার বিচার, দল হিসেবে আওয়ামী লীগের বিচারপ্রক্রিয়া শুরু এবং জাতীয় ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করাসহ ১০ দফা সুপারিশ তুলে ধরেছে সংগঠনটি। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে লিখিত ও মৌখিক বক্তব্যে এসব দাবি উপস্থাপন করেন সংগঠনের নেতারা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিবছর বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়া প্রায় সাড়ে সাত লাখ গ্র্যাজুয়েটের কর্মসংস্থান নিশ্চিতে ২০২৭ থেকে ২০৩৩ সাল পর্যন্ত সাত বছর মেয়াদি জাতীয় ডিজিটাল ট্রান্সফরমেশন রোডম্যাপ বাস্তবায়ন জরুরি। পাশাপাশি সরকারি ও বেসরকারি খাতের ডিজিটাল রূপান্তরে বিশেষ প্রণোদনা দেওয়ার সুপারিশ করা হয়।
নেতারা অভিযোগ করেন, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আইসিটি প্রকল্পে ব্যাপক অনিয়ম ও অর্থ আত্মসাৎ হয়েছে এবং অতীতের সুবিধাভোগী প্রতিষ্ঠানগুলো এখনো কাজ পাচ্ছে। এ অবস্থা পরিবর্তনে সরকারি প্রকল্পে স্বচ্ছতা ও যোগ্য দেশীয় প্রতিষ্ঠানের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
এ ছাড়া জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন ও ভূমি রেকর্ডসহ গুরুত্বপূর্ণ সরকারি তথ্যভান্ডারের নিরাপত্তা জোরদার এবং সাইবার হামলা ও তথ্য পাচার রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানায় সংগঠনটি।
পাশাপাশি সাম্প্রতিক হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ ও নাশকতায় জড়িতদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচার এবং দল হিসেবে আওয়ামী লীগ ও এর নেতাদের বিচারপ্রক্রিয়া দ্রুত শুরু করার দাবি তোলা হয়।
একই সঙ্গে বেসিসের গঠনতন্ত্র সংশোধন, ভোটার তালিকা যাচাই-বাছাই এবং অবাধ নির্বাচনের মাধ্যমে প্রকৃত সফটওয়্যার নির্মাতাদের নেতৃত্ব নিশ্চিত করার আহ্বান জানিয়ে দাবি আদায়ে শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় বেসিস সংস্কার পরিষদ।