মোঃ আনজার শাহ:
ফ্যামিলি কার্ড কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন কুমিল্লার বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম। একই সঙ্গে কর্মসূচিতে কোনো ধরনের অনিয়ম হলে তা রাষ্ট্রীয়ভাবে কঠোরভাবে দেখা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
ফ্যামিলি কার্ড কর্মসূচির বাস্তবায়ন-সংক্রান্ত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
বক্তব্যে কায়সার আলম সেলিম বলেন, এ কর্মসূচির মূল লক্ষ্য দারিদ্র্যের হার অনুযায়ী প্রকৃত দুস্থ ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোর কাছে রাষ্ট্রীয় সহায়তা পৌঁছে দেওয়া। বিবেক ও দায়িত্ববোধ থেকে সবকিছু বিবেচনা করে মাঠে কাজ করতে হবে।
তিনি বলেন, ‘আপনারা যাঁরা মাঠে কাজ করবেন, তাঁদের কাজ তদারকির জন্য উপজেলা বিএনপির সভাপতি হিসেবে আমি এবং সাধারণ সম্পাদকসহ ইউনিয়ন পর্যায়ের নেতাদের দায়িত্ব দেব। তাঁরা আপনাদের কাজ অনুসরণ করবেন এবং কোনো ভুলত্রুটি থাকলে তা ধরিয়ে দেবেন।’
মাঠকর্মীরা কতটা আন্তরিকতার সঙ্গে কাজ করছেন, তার ওপরই কর্মসূচির সাফল্য নির্ভর করছে উল্লেখ করে তিনি বলেন, জাতীয়তাবাদী দলের সরকার এখন ক্ষমতায়। ফলে এ কর্মসূচিতে কোনো অনিয়ম বা অভিযোগ উঠলে তা সরকারের বিরুদ্ধেই যাবে। সে ক্ষেত্রে জবাবদিহি করতে হবে দলকেই।
তাঁর ভাষ্য, মাঠপর্যায়ে সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রের আশঙ্কা রয়েছে। কেউ দায়িত্ব সঠিকভাবে পালন না করলে সে সুযোগে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হতে পারে।
সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, যেসব নারী এ কর্মসূচির সুবিধা পাবেন, তাঁদের আর্থিক সচ্ছলতা নিশ্চিত করাই লক্ষ্য। যে অঞ্চলে অনিয়ম ঘটবে, সেখানকার সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীকেই এর দায় নিতে হবে এবং তাঁদের বিরুদ্ধে রাষ্ট্রীয় ব্যবস্থা নেওয়া হবে। এটি রাষ্ট্রীয় সিদ্ধান্ত বলেও জানিয়ে দেন তিনি।
কায়সার আলম সেলিম বলেন, রাষ্ট্র নাগরিকদের যে আর্থিক সুবিধা ও রেশন দেবে, তা অমূল্য। তবে কাজটি অনেক বড় ও দায়িত্বপূর্ণ। সরকারি দল হিসেবে কোনো অনিয়ম হচ্ছে কি না, সে বিষয়ে তাঁরা সজাগ থাকবেন।
যাঁরা মনে করেন, আন্তরিকতার সঙ্গে এ দায়িত্ব পালন করতে পারবেন না, তাঁদের উদ্দেশে তিনি বলেন, আজ পর্যন্ত সুযোগ আছে নিজেকে সরিয়ে নেওয়ার। সমাজসেবা কর্মকর্তা সে ক্ষেত্রে তাঁদের দায়িত্ব বুঝে নেবেন। তবে আজকের পর কোনো অনিয়ম করলে তা রাষ্ট্রীয়ভাবে কঠোরভাবে মোকাবিলা করা হবে বলে সতর্ক করেন তিনি।