বক্তব্য চাওয়ায় সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগ, প্রতিবাদে প্রেসক্লাবের সামনে মানববন্ধন

এইচ এম হাকিম:

গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. আবু নাসের চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে চাওয়ায় ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাহী সদস্য নিজাম উদ্দিন দরবেশকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন সাংবাদিকরা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ‘সাধারণ সাংবাদিক সমাজ’-এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকতার পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. আবু নাসের চৌধুরীর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য জানতে চাওয়া হয়েছিল। কিন্তু অভিযোগের বিষয়ে বক্তব্য দেওয়ার পরিবর্তে সংশ্লিষ্ট সাংবাদিককে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য গুরুতর হুমকি।

মানববন্ধনে বক্তব্য দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য ফখরুল ইসলাম ও রাজু আহমেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও জাতীয় প্রেসক্লাবের সদস্য জিয়াউর রহমান, মুহাম্মদ মাসুদ, এনামুল হক তুহিন, দৈনিক স্বাধীন সংবাদের সম্পাদক ও প্রকাশক আনোয়ার হোসেন আকাশ, ঢাকা মেট্রোপলিটন ক্রাইম রিপোর্টার্স সোসাইটির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শফিক এবং জ্যেষ্ঠ সাংবাদিক আমিনুল ইসলাম। এ সময় সাধারণ সাংবাদিক সমাজ ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা অভিযোগ করেন, গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. আবু নাসের চৌধুরীর বিরুদ্ধে নৈতিক স্খলন, দুর্নীতি ও বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। তাঁদের দাবি, সাবেক আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির আত্মীয় পরিচয় ব্যবহার করে বিগত বছরগুলোতে তিনি বিভিন্ন অনিয়মের মাধ্যমে বিপুল সম্পদ অর্জন করেছেন। এ ছাড়া বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের নেতা পরিচয়ে তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন বলেও দাবি করেন বক্তারা।

তাঁরা বলেন, দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের তথ্য তুলে ধরা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব। কোনো সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নেওয়া সাংবাদিকতার নীতিমালা ও পেশাগত দায়িত্বের গুরুত্বপূর্ণ অংশ। অথচ এ দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সাংবাদিককে হত্যার হুমকির মুখে পড়তে হলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে হত্যার হুমকির অভিযোগ তদন্ত, সাংবাদিক নিজাম উদ্দিন দরবেশের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত এবং অভিযোগের মুখে থাকা গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তা ড. আবু নাসের চৌধুরীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

তাঁরা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *