সড়ক সংস্কারের দাবিতে নলছিটিতে এলাকাবাসীর মানববন্ধন

আমির হোসেন:

ঝালকাঠির নলছিটিতে সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। নলছিটি-দপদপিয়া সড়কের কুমারখালি দাই বাড়ি ব্রিজ থেকে ১৫৩ নম্বর গোহালকাঠী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় (ভোটকেন্দ্র) পর্যন্ত সড়ক দ্রুত সংস্কারের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রোববার সকাল ১০টায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে স্থানীয় ভুক্তভোগী এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এ সময় বক্তারা বলেন, সড়কটির বেহাল অবস্থার কারণে প্রতিদিন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষ করে শিক্ষার্থী, শিক্ষক, রোগী ও স্থানীয় বাসিন্দাদের যাতায়াতে ভোগান্তি হচ্ছে। সড়কটি দ্রুত সংস্কার করা না হলে জনদুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তাঁরা।

বক্তব্য দেন মো. রুহুল আমিন, তূর্য বালি ও মাওলানা রমিজ হোসেন। তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে গোহালকাঠী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানান।

ভুক্তভোগী এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ মানববন্ধন থেকে জনস্বার্থে দ্রুত সড়ক সংস্কারে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *