নিজস্ব প্রতিবেদক:
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গত ২২ দিনে ১২০টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ১০৭টি পরিবহণে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত ৭ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত এসব ঘটনা ঘটে। এসব ঘটনায় ৫২টি মামলা দায়ের করা হয়েছে এবং ৮০ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রোববার (২৯ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) কামরুম মুনিরা এসব তথ্য জানান।
পুলিশ সদর দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, ২২ দিনে সারাদেশে ১২০টি স্থানে ককটেল বিস্ফোরণ ও ১০৭টি পরিবহণে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ছাড়া পুলিশের চারটি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর, ২৮টি গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর, তিনটি স্থাপনায় ককটেল বিস্ফোরণ এবং একটি গাড়ি ককটেল বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এসব ঘটনায় এখন পর্যন্ত ৫২টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৮০ জনকে।
পুলিশ সদর দপ্তর জানায়, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ এবং গাছ কেটে সড়ক অবরোধের মাধ্যমে জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা চলছে। এসব নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিজিবি সদস্যরা দিন-রাত কাজ করছেন।
এদিকে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলার নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
রোববার পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত অক্টোবর ২০২৬-এর মাসিক অপরাধ পর্যালোচনা সভায় মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের এ নির্দেশনা দেন তিনি।
আইজিপি বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে হবে। এ জন্য টহল ও চেকপোস্ট কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি। পেশাদারিত্ব, মেধা ও দূরদর্শিতার সঙ্গে যেকোনো পরিস্থিতি মোকাবিলার পাশাপাশি কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে জনগণকে আইনশৃঙ্খলা রক্ষার কাজে সম্পৃক্ত করার নির্দেশনাও দেন।
দেশের ভেতর ও বাইরে থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলেও উল্লেখ করেন আইজিপি। তিনি বলেন, বিভ্রান্তিকর তথ্য বা অপপ্রচারে প্রভাবিত না হয়ে দায়িত্বশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে হবে।