অধিনায়কত্ব কেড়ে নেওয়ায় অসন্তুষ্ট রশিদ খান

স্পোর্টস ডেস্ক:

আফগানিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন তারকা অলরাউন্ডার রশিদ খান। তার দাবি, নেতৃত্বের দায়িত্ব পরিবর্তনের বিষয়ে তাকে আগে কিছুই জানানো হয়নি। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) নতুন অধিনায়ক হিসেবে ইব্রাহিম জাদরানের নাম ঘোষণা করার পর বিষয়টি জানতে পারেন তিনি।

রশিদ খানের নেতৃত্বে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে উঠেছিল আফগানিস্তান। দেশটির হয়ে ৪৮টি টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি। এর মধ্যে ২৬টি ম্যাচে জয় পেয়েছে আফগানিস্তান, বিপরীতে হেরেছে ২২টি ম্যাচে।

এমন পারফরম্যান্সের পরও তাকে না জানিয়ে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার ঘটনায় হতাশ রশিদ খান। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানের নেতৃত্ব দেন ইব্রাহিম জাদরান। দল ঘোষণার সময় এসিবি জানায়, টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক করা হয়েছে ইব্রাহিম জাদরানকে।

ক্রিকেটবিষয়ক একটি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে রশিদ খান বলেন, কী হয়েছিল, সেটিও তিনি জানেন না। বোর্ড নেতৃত্ব পরিবর্তনের ঘোষণা দেওয়ার পরই জানতে পারেন তিনি আর অধিনায়ক নেই।

রশিদ বলেন, ‘কী হয়েছিল, আমি তা-ও জানি না। বোর্ড যখন ঘোষণা করল, তখন জানতে পারি আমি আর অধিনায়ক নেই। নেতৃত্ব বদল করা হয়েছে। আমায় আগে কিছুই জানানো হয়নি।’

নেতৃত্ব হারানোর বিষয়ে নিজের হতাশার কথাও জানিয়েছেন রশিদ। তবে অধিনায়কত্ব হারালেও দলের হয়ে নিজের দায়িত্ব পালন করে যেতে চান তিনি।

রশিদ খান বলেন, ‘আমার নেতৃত্বে আফগানিস্তান বিশ্বকাপ সেমিফাইনাল খেলেছে। আমরা ওয়েস্ট ইন্ডিজের মতো দলকে হারিয়েছি। কিন্তু কিছু বিষয় নিয়ন্ত্রণ করা যায় না। অধিনায়ক না থাকলেও সামনে এগোতে চাই। অধিনায়ক থাকলাম কিনা, এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ নয়। আফগানিস্তানের প্রতিনিধিত্ব করতে পারছি। এর জন্যই আমি গর্বিত। আমার সব দক্ষতা দিয়ে দলকে সাহায্য করে যাব।’

তিনি আরও বলেন, ‘ভালো পারফর্ম করা এবং দলের জয়ে অবদান রাখতে পারি আমি। অধিনায়কত্ব থাকা না থাকা আমার নিয়ন্ত্রণে নেই।’

নেতৃত্বের দায়িত্ব না থাকলেও আফগানিস্তানের জন্য সব সময় নিজের শতভাগ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন রশিদ। পাশাপাশি নিজের অভিজ্ঞতা সতীর্থদের সঙ্গে ভাগ করে নিতে চান তিনি।

ভারতের বিপক্ষে দলের মানসিক প্রস্তুতির বিষয়টিও তুলে ধরেন রশিদ খান। তার মতে, নিজেদের ওপর বিশ্বাস রাখাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভারতকে হারানোর সামর্থ্য আফগানিস্তানের রয়েছে—এমন বিশ্বাস নিয়েই মাঠে নামতে চান তারা।

রশিদ বলেন, ‘আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, নিজেদের ওপর বিশ্বাস রাখা। ভারতকেও হারাতে পারি, এটা আমাদের বিশ্বাস করতে হবে। আমরা ভারতের কাছে অনেকবার হেরেছি। আমাদের ক্রিকেটাররা জানে, আমরা কখনো ভারতকে হারাতে পারিনি। এটা হতাশার। ভারতের বিরুদ্ধে আমরা যেন দিশাহারা হয়ে পড়ি।’

অধিনায়কত্ব হারালেও দলের হয়ে নিজের পারফরম্যান্স ও অবদান ধরে রাখার পাশাপাশি সতীর্থদের সহযোগিতা করে যেতে চান রশিদ খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *