Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
অমিত শাহ ও ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে উত্তাল ভারতের পার্লামেন্ট - দৈনিক স্বাধীন সংবাদ

অমিত শাহ ও ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে উত্তাল ভারতের পার্লামেন্ট

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির পার্লামেন্ট। রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভের একদিন পর এবার সংসদ চত্বরে একই দাবিতে বিক্ষোভ করেছেন বিরোধী জোটের সংসদ সদস্যরা।

বুধবার (২২ জুলাই) সকালে কংগ্রেসের সংসদ সদস্যরা কালো পোশাক পরে পার্লামেন্ট ভবনের বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় তাঁদের সঙ্গে সমাজবাদী পার্টি (এসপি)সহ কয়েকটি বিরোধী দলের সংসদ সদস্যরাও যোগ দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

বিক্ষোভে অংশ নেওয়া এসপি সদস্যরা কালো স্কার্ফ পরে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানান। এর আগে মঙ্গলবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে প্রধানমন্ত্রী মোদির বাসভবনের সামনে অনুষ্ঠিত বিক্ষোভেও এসপি প্রধান অখিলেশ যাদব অংশ নেন। পরে কংগ্রেস নেতাদের সঙ্গে তাকেও পুলিশ আটক করেছিল।

বিরোধী দলগুলোর অভিযোগ, নিট (NEET) পরীক্ষাকে ঘিরে অনিয়ম এবং রাজধানীতে বিক্ষোভরত শিক্ষার্থীদের ওপর পুলিশের দমন-পীড়নের ঘটনায় সরকার জবাবদিহি এড়িয়ে যাচ্ছে। এসব ইস্যুতে সংসদে অবিলম্বে আলোচনা এবং দায়িত্বশীলদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আসছেন তাঁরা।

সংসদ ভবনের ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভকারীরা সরকারের বিরুদ্ধে স্লোগান দেন এবং শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের নিন্দা জানান।

কংগ্রেসের মুখপাত্র ও সংসদ সদস্য পবন খেরা বলেন, “প্রথমে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে, তারপর আলোচনা হবে। এত শিক্ষার্থীর ওপর লাঠিচার্জের পর এখন আলোচনা অর্থহীন। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ করতেই হবে।”

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিরোধী দলগুলো স্পষ্ট জানিয়ে দিয়েছে— শিক্ষামন্ত্রীর পদত্যাগের আগে তারা এ বিষয়ে কোনো আলোচনায় অংশ নেবে না।

তবে সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, সরকারের পক্ষ থেকে সংসদের উভয় কক্ষে বিষয়টি নিয়ে আলোচনায় বসার নীতিগত সম্মতি দেওয়া হয়েছে। সব দলের নেতাদের সঙ্গে বৈঠকের পর স্পিকার কোন নিয়মে বিতর্ক অনুষ্ঠিত হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

সূত্র: এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *