অ্যালকোহল বেচাকেনায় অনিয়মের অভিযোগ, ঢাকার চার প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান

অনলাইন ডেস্ক:

অ্যালকোহলজাত পণ্যের অবৈধ উৎস, শুল্ক-মূসক ও আয়কর ফাঁকির অভিযোগে রাজধানীর চারটি বার, রেস্টুরেন্ট ও বিনোদনকেন্দ্রে অভিযান চালাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

শনিবার (৩ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান শুরু করা হয়। অভিযানে প্রতিষ্ঠানগুলোর মজুদ করা অ্যালকোহল ও অ্যালকোহলজাত পণ্যের উৎস, ক্রয় বা আমদানিসংক্রান্ত কাগজপত্র এবং শুল্ক, মূসক ও আয়কর পরিশোধের তথ্য যাচাই করা হচ্ছে।

এনবিআরের আওতাধীন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) অভিযানের জন্য চারটি দল গঠন করেছে। এসব দলের সঙ্গে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি), মূসক নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং ঢাকা উত্তর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কর্মকর্তারা রয়েছেন।

অভিযানের অংশ হিসেবে র ক্যানভাস রেস্টুরেন্ট, হাবিব হোটেল ইন্টারন্যাশনাল, মারগারিতা লাউঞ্জ এবং ফু-ওয়াং বয়েলিং এন্ড সার্ভিস লিমিটেডে তল্লাশি ও নথিপত্র যাচাই চলছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিষ্ঠানগুলোর মজুদে থাকা অ্যালকোহল ও অ্যালকোহলজাত পণ্যের বৈধ উৎস এবং সেগুলোর আমদানি বা ক্রয়ের কাগজপত্র পরীক্ষা করছেন। একই সঙ্গে পণ্যের বিপরীতে যথাযথভাবে শুল্ক, মূসক ও আয়কর পরিশোধ করা হয়েছে কি না, তাও যাচাই করা হচ্ছে।

এ ছাড়া আইন অনুযায়ী অনুমোদিত নয়—এমন গ্রাহকের কাছে অ্যালকোহলজাত পণ্য সরবরাহ করা হয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। অভিযানের সময় প্রয়োজন অনুযায়ী পণ্য আটক করা হতে পারে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

এনবিআর সূত্র জানিয়েছে, অভিযান শেষে প্রাথমিকভাবে পাওয়া তথ্য ও সার্বিক ফলাফল নিয়ে শনিবার রাতে প্রেস ব্রিফিং করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *