নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জাতীয়তাবাদী সাইবার দলের সহসভাপতিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার দুজন হলেন জাতীয়তাবাদী সাইবার দলের সহসভাপতি সাজ্জাদ হোসেন মিশু মোল্লা (৩৬) এবং ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম ইউনিটের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম জিন্নাহ ওরফে মোহাম্মদ আলী জিন্নাহ (২৭)।
ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ রাকিব খান জানান, শুক্রবার আমিনবাজার এলাকা থেকে সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
এদিকে শুক্রবার রাতে মিরপুর এলাকা থেকে রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে শাহ আলী থানা পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজীব জানান, রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলার ঘটনায় রফিকুলকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ২৪ সেপ্টেম্বর ভোররাতে মিরপুর-১ নম্বর সেকশনের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলার ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, মুখোশ পরা এবং দেশীয় অস্ত্রে সজ্জিত দুই শতাধিক ব্যক্তি স্বাস্থ্যকেন্দ্রটিতে প্রবেশ করে প্রথমে দুই নিরাপত্তারক্ষীকে জিম্মি করেন। পরে হামলাকারীরা স্বাস্থ্যকেন্দ্রের বিভিন্ন স্থাপনা ও সরঞ্জাম ভাঙচুর করেন।
অভিযোগ অনুযায়ী, স্থাপনাটি ভারী যন্ত্রপাতি দিয়ে গুঁড়িয়ে দেওয়ার আগে সেখান থেকে মূল্যবান সরঞ্জাম, ওষুধ, টিকা, নগদ অর্থসহ বিভিন্ন জিনিসপত্র লুট করা হয়।
পুলিশ জানিয়েছে, হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত এবং গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।