Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
আউড়িয়ার বটগাছ নিয়ে অলৌকিকতার গুঞ্জন, বলছেন বিশেষজ্ঞরা—এটি স্বাভাবিক প্রাকৃতিক ঘটনা - দৈনিক স্বাধীন সংবাদ

আউড়িয়ার বটগাছ নিয়ে অলৌকিকতার গুঞ্জন, বলছেন বিশেষজ্ঞরা—এটি স্বাভাবিক প্রাকৃতিক ঘটনা

 

নড়াইল প্রতিনিধি :

নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের একটি বটগাছকে ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নানা অলৌকিক ও রহস্যময় গল্প ছড়িয়ে পড়েছে। গাছটি নাকি “অলৌকিকভাবে” আবার সোজা হয়ে দাঁড়িয়ে গেছে—এমন দাবি করে বিভিন্ন মহলে আলোচনা চলছে। তবে স্থানীয়দের একটি অংশ ও সংশ্লিষ্ট বিষয়ে অবগত ব্যক্তিরা বলছেন, ঘটনাটি সম্পূর্ণ প্রাকৃতিক এবং এর পেছনে বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে।
জানা যায়, বেশ কিছুদিন আগে একটি ঝড়ে বটগাছটি আংশিকভাবে উপড়ে পড়ে যায়। পরে গাছটি বিক্রির উদ্দেশ্যে এর ডালপালা ও উপরের ভারী অংশ কেটে ফেলা হয়। এতে গাছের ওপরের অংশের ওজন অনেক কমে যায়। অন্যদিকে, শিকড় ও গোড়ার সঙ্গে লেগে থাকা বিপুল পরিমাণ মাটির কারণে নিচের অংশ তুলনামূলকভাবে বেশি ভারী হয়ে পড়ে।
স্থানীয়দের মতে, ওজনের এই পরিবর্তনের ফলে গাছটির ভারসাম্যে পরিবর্তন আসে এবং অবশিষ্ট অংশ ধীরে ধীরে সোজা অবস্থানে ফিরে যায়। এ ধরনের ঘটনা বিরল হলেও প্রকৃতিতে অস্বাভাবিক নয় বলে তারা উল্লেখ করেন।
এ বিষয়ে সচেতন মহল বলছে, কোনো ঘটনার প্রকৃত কারণ না জেনে অলৌকিকতার গল্প ছড়িয়ে দেওয়া বিভ্রান্তির সৃষ্টি করতে পারে। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য প্রচারের ক্ষেত্রে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন।
স্থানীয় এক বাসিন্দা বলেন, “গাছটি ঝড়ে পড়ে গিয়েছিল। পরে ডালপালা কেটে দেওয়ার পর ধীরে ধীরে আবার সোজা হয়ে দাঁড়িয়েছে। এটাকে অলৌকিক বলার কোনো কারণ নেই।”
সংশ্লিষ্টরা বলছেন, প্রকৃতির অনেক ঘটনার বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে। তাই গুজব বা কুসংস্কারে বিশ্বাস না করে বাস্তব তথ্য যাচাই করে দেখাই উচিত।
গুজব নয়, সত্য জানুন—প্রকৃতিকে বুঝুন, বিভ্রান্তি নয় সচেতনতা ছড়িয়ে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *