আন্তর্জাতিক ডেস্ক:
আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে সৃষ্ট ধোঁয়া বিমান চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় ইন্দোনেশিয়ার প্রধান বিমানবন্দর সোয়েকার্নো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। এতে হাজার হাজার যাত্রী ভোগান্তিতে পড়েছেন এবং বাতিল হয়েছে দুই শতাধিক ফ্লাইট।রোববার (৬ সেপ্টেম্বর) রাত ১টা ৩০ মিনিটের দিকে বিমানবন্দরটির আকাশসীমায় আগ্নেয়গিরির ধোঁয়া শনাক্ত হওয়ার পর কর্তৃপক্ষ বিমান চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়।আনাক কারাকাতোয়া পাহাড়ে থাকা আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হওয়ার পর এর ধোঁয়া প্রায় ১৫০ কিলোমিটার দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। শনিবার সেখানে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়, যা প্রায় ৭০০ কিলোমিটার দূর থেকেও শোনা গেছে। বিস্ফোরণের পর আগ্নেয়গিরি থেকে লাভা বের হয়ে গড়িয়ে পড়তে শুরু করে।এরপর রোববার আরও দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। আগ্নেয়গিরির ধোঁয়া বিমানবন্দরের আকাশসীমায় পৌঁছানোর পরই বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়।বিমান চলাচল বন্ধ থাকায় প্রায় ২০ হাজার যাত্রী ভোগান্তিতে পড়েছেন। এখন পর্যন্ত ২০৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বিশেষ করে সিঙ্গাপুরের সঙ্গে বিমান যোগাযোগ প্রায় বন্ধ হয়ে গেছে। এ ছাড়া কুয়ালালামপুর, দোহা ও সিডনিগামী আন্তর্জাতিক ফ্লাইটও বাধাগ্রস্ত হয়েছে।ইন্দোনেশিয়ার জাভা ও সুমাত্রা দ্বীপের মধ্যবর্তী প্রণালিতে আনাক কারাকাতোয়া পাহাড়টি অবস্থিত। আগ্নেয়গিরিটির অগ্ন্যুৎপাতের কারণে ওই প্রণালি দিয়ে নৌযান চলাচলেও বিঘ্ন ঘটতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।