আড়াইহাজারে আবারও ডাকাতি, আহত ৪, গ্রেপ্তার ১

মনিরুল ইসলাম:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত দল একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ ৬ জনকে কুপিয়ে জখম করে এক বাড়িতে ডাকাতি করার পর তৃতীয় দিনের মাথায় আবারও ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার (২১ জুন) দিবাগত রাতে উপজেলার দুপ্তারা ইউনিয়নের মানেহর এলাকায় এক বাড়িতে ডাকাতির ঘটনায় ৪ জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করে নগদ টাকা, মোবাইল ফোন এবং স্বর্ণালংকার লুটে নিয়েছে সশস্ত্র ডাকাত দল। ঘটনার সঙ্গে জড়িত একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

আহতরা হচ্ছেন গৃহকর্ত্রী নুরজাহান, ভাড়াটিয়া মুনমুন, তামিম এবং মুশফিক। তাঁদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

আক্রান্তরা জানান, রাত ২টার দিকে ১৫/১৬ জনের একদল সশস্ত্র ডাকাত মানেহর গ্রামের ব্যবসায়ী মোতালিবের বাড়ির মূল ফটকের তালা কেটে এবং রেলিং টপকে ভেতরে প্রবেশ করে। পরে গৃহকর্তা মোতালিব এবং তাঁর বাড়ির ভাড়াটিয়া মুশফিকের পরিবারের সকল সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। এ সময় ডাকাতরা নগদ ৭০ হাজার টাকা, একটি আইফোনসহ ৫টি মোবাইল ফোন এবং আড়াই ভরি ওজনের স্বর্ণালংকার লুটে নেয়।

এ ঘটনায় ধস্তাধস্তির সময় ডাকাত দলের এক সদস্য, পাঁচগাঁও চরপাড়া গ্রামের আনোয়ার হোসেনের পুত্র আরমান ওরফে বাবু (২৫)-কে চিনে ফেলেন গৃহকর্তা। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে তদন্তে গেলে গৃহকর্তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরমান বাবুকে গ্রেপ্তার করে। ওই সময় গ্রেপ্তার আরমান বাবুর শরীরে কাদা মাখা ছিল বলে পুলিশ জানায়।

আড়াইহাজার থানার ওসি মো. সবজেল হোসেন আরমান বাবুর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, এর মাত্র দু’দিন আগে, ১৯ জুন শুক্রবার দিবাগত রাতে ছুটিতে বাড়িতে থাকা কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় কর্মরত এসিল্যান্ড, আড়াইহাজার উপজেলার ধন্দী গ্রামের বাসিন্দা সাকিবুল হাসান নাহিদ বিদ্যুৎ চলে যাওয়ায় কয়েকজন বন্ধু-বান্ধব নিয়ে বাড়ির পাশের রাস্তায় অবস্থান করে গল্প করার সময় সশস্ত্র ডাকাত দল তাঁকেসহ ৬ জনকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে জখম করে এবং রাইনাদী আতাদী গ্রামের এক বাড়িতে ডাকাতি করে নগদ ২ লাখ ৭০ হাজার টাকা এবং ১৪ ভরি ওজনের স্বর্ণালংকার লুটে নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *