আদালতের মাদক ধ্বংস শাখার পুলিশ সদস্য ইয়াবাসহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের আলামত নিষ্পত্তি শাখায় দায়িত্ব পালন করা এক পুলিশ সদস্যকে ১ হাজার ৭৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার মো. রেজাউল করিম (৪৫) সিএমএম আদালতের আলামত নিষ্পত্তি শাখার কনস্টেবল। রোববার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর সূত্রাপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ হাজার ৭৯০ পিস ইয়াবা জব্দ করা হয়।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ডিএমপির প্রসিকিউশন বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। এ ঘটনায় ডিএমপির পরিদর্শক মো. কামরুজ্জামান বাদী হয়ে সূত্রাপুর থানায় মামলা করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযানকারী দল সূত্রাপুর থানাধীন ২৮ নম্বর ওয়ার্ডের ‘বিসমিল্লাহ বিরানি ঘর’ নামের একটি দোকানে অভিযান চালায়। এ সময় পালানোর চেষ্টা করলে রেজাউল করিমকে আটক করা হয়।

পরে তার দেহ তল্লাশি করে পরনের প্যান্টের পকেট থেকে ১৭৯ গ্রাম ওজনের ১ হাজার ৭৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য ৫ লাখ ৩৭ হাজার টাকা বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ৫ হাজার ৫০০ টাকা এবং একটি ভিভো স্মার্টফোন জব্দ করা হয়েছে।

ডিএমপির প্রসিকিউশন বিভাগ জানিয়েছে, গ্রেপ্তার রেজাউল করিমকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হতে পারে। মামলাটি তদন্ত করে ইয়াবাগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং এর সঙ্গে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *