মোঃ মামুন অর রশিদ:
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বাড়াতে ফরিদপুরের আলফাডাঙ্গায় HDFB Foundation-এর উদ্যোগে শুরু হয়েছে ‘Tree Plantation Initiative 2026’ কর্মসূচি। এ উদ্যোগের আওতায় শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ, বৃক্ষরোপণ এবং পরিবেশ সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
কর্মসূচির অংশ হিসেবে ইউনাইটেড একাডেমি পানাইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাথমিক ও মাধ্যমিক শাখার ছয় শতাধিক শিক্ষার্থীর মধ্যে ১ হাজার ২০০টি গাছের চারা বিতরণ করা হয়।
শিক্ষার্থীদের হাতে চারা তুলে দেওয়ার পাশাপাশি গাছের সঠিক পরিচর্যা, সংরক্ষণ এবং পরিবেশ রক্ষায় তাদের ভূমিকা সম্পর্কে সচেতন করা হয়। একই অনুষ্ঠানে বিদ্যালয়ে চারটি সিলিং ফ্যান বিতরণ, শিক্ষক-শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ের লাইব্রেরিতে বই প্রদান এবং একটি ট্রি প্লান্টেশন বাগান উদ্বোধন করা হয়।
HDFB Foundation-এর প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মোহাম্মাদ সাইফুর রহমান বলেন, “আমরা শুধু গাছ লাগাতে চাই না; এমন একটি প্রজন্ম তৈরি করতে চাই, যারা পরিবেশের সমস্যা দেখার পাশাপাশি তার সমাধানের অংশ হবে।”
আয়োজকেরা জানান, পরিবেশ সুরক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতি ও বৃক্ষের প্রতি দায়িত্ববোধ তৈরি করাই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
কর্মসূচিতে সমাজের সর্বস্তরের মানুষকে বেশি করে বৃক্ষরোপণ করার পাশাপাশি রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।