আশুলিয়ায় পুলিশের ওপর হামলা, একজন গ্রেপ্তার

আলমাস হোসাইন:

ঢাকার আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে দায়ের হওয়া একটি হত্যা মামলার আসামিকে গ্রেপ্তারের সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে আশুলিয়া থানার এক উপপরিদর্শক (এসআই) গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে শিহাব হোসেন (২২) নামের একজনকে গ্রেপ্তার করেছে।

শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুবেল হাওলাদার।

পুলিশ জানায়, শুক্রবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার গোমাইল বাংলাবাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ওই সময় আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলামের নেতৃত্বে একটি পুলিশ টিম বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে দায়ের হওয়া হত্যা মামলার পলাতক আসামি ও স্থানীয় যুবলীগ নেতা সোহেল শিকদারকে গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযানে যায়।

অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা এসআই মনিরুল ইসলামের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

গ্রেপ্তারকৃত শিহাব হোসেন আশুলিয়ার গোমাইল এলাকার মঞ্জুর আহমেদের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, তিনি হত্যা মামলার পলাতক আসামি ও স্থানীয় ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল শিকদারের শ্যালক।

এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুবেল হাওলাদার বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাঁকে শনিবার দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *