আশুলিয়ার অগ্নিকাণ্ড: আহতদের পাশে দুই মন্ত্রী, নিহতের পরিবারকে ৫০ হাজার টাকা সহায়তা

নিজস্ব প্রতিবেদক:

আশুলিয়ার জামগড়া চৌরাস্তা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে হতাহতদের খোঁজ নিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুই হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সঙ্গে কথা বলেন স্থানীয় সরকারমন্ত্রী। এ সময় তিনি আহতদের শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন। পরে অগ্নিকাণ্ডে নিহত নজরুল ইসলামের পরিবারের হাতে সরকারের পক্ষ থেকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

হাসপাতাল পরিদর্শন শেষে ড. আবদুল মঈন খান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে অগ্নিকাণ্ডে হতাহতদের খোঁজ নিতে তারা হাসপাতালে এসেছেন। জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে দেশ ছাড়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী এ বিষয়ে তাকে নির্দেশনা দেন বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সার্বক্ষণিক অগ্নিকাণ্ডে আহত ও ক্ষতিগ্রস্তদের বিষয়ে খোঁজখবর রাখছেন এবং তাদের পাশে থাকার অঙ্গীকার করেছেন। সরকার এ কঠিন সময়ে নিহত ও আহতদের পরিবারের পাশে রয়েছে বলেও জানান তিনি।

আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তাও দেওয়া হচ্ছে। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সবাইকে আরও সতর্ক ও দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, আশুলিয়ার অগ্নিকাণ্ডে হতাহতদের পাশে সরকার রয়েছে। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি জানান, নিহত ও আহতদের পরিবারকে সরকারের পক্ষ থেকে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী।

উল্লেখ্য, রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় আশুলিয়ার জামগড়া এলাকায় গ্যাস সিলিন্ডারবাহী একটি লরিতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিভিন্ন সূত্রের সর্বশেষ তথ্যে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *