আন্তর্জাতিক ডেস্ক ::
ইউরোপে পৌঁছানোর আশায় বিপজ্জনক সমুদ্রপথে যাত্রা করা একদল শরণার্থীর নৌকা মৌরিতানিয়ার উপকূলে দুর্ঘটনার কবলে পড়েছে। এ ঘটনায় অন্তত ১৪৩ জন শরণার্থী নিখোঁজ রয়েছেন। জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) আশঙ্কা করছে, তাদের অধিকাংশই প্রাণ হারিয়েছেন।
বুধবার (২২ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, গাম্বিয়ার বাফুলোতো থেকে যাত্রা শুরু করা নৌকাটি ইউরোপের উদ্দেশে রওনা হয়। টানা ২৫ দিন সমুদ্রে ভেসে থাকার পর গত ১৮ জুলাই নৌকাটি মৌরিতানিয়ার নুয়াদিবু বন্দরের কাছে পৌঁছায়। সেখানে উদ্ধারকারীরা নৌকা থেকে একাধিক মরদেহ এবং ৩৮ জন জীবিত যাত্রীকে উদ্ধার করেন।
সংস্থাটি জানায়, নৌকাটিতে থাকা ১৪৩ জন অভিবাসীর এখনো কোনো খোঁজ মেলেনি। অন্যদিকে মৌরিতানিয়ার কোস্টগার্ডের দাবি, নিখোঁজের সংখ্যা ১২২ জন। তাদের ভাষ্য, প্রায় ১৬০ জন যাত্রী নিয়ে গাম্বিয়া থেকে যাত্রা শুরুর পর সমুদ্রে নৌকাটির জ্বালানি শেষ হয়ে যায়, যা দুর্ঘটনার অন্যতম কারণ।
ইউএনএইচসিআরের মুখপাত্র ম্যাট সল্টমার্শ জানান, উদ্ধার হওয়া জীবিতদের মধ্যে দুই শিশুও রয়েছে। যাত্রাপথেই তারা পরিবারের সব সদস্যকে হারিয়েছে। বর্তমানে শিশু দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এদিকে, গত ১৪ থেকে ১৮ জুলাইয়ের মধ্যে মৌরিতানিয়ার উপকূলে পৃথক তিনটি উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে বিপদে পড়া বিভিন্ন নৌকা থেকে মোট ৩৮৭ জন অভিবাসীকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া ১৪ জুলাই নোঙর করা আরেকটি নৌকায় একজনের মৃত্যুর খবরও নিশ্চিত করেছে ইউএনএইচসিআর।
সংস্থাটি জানিয়েছে, নিহত ও নিখোঁজ ব্যক্তিরা মূলত সাব-সাহারান আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক। তবে তাদের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
ইউএনএইচসিআর ক্যানারি দ্বীপপুঞ্জগামী আটলান্টিক রুটকে বিশ্বের অন্যতম প্রাণঘাতী অভিবাসনপথ হিসেবে উল্লেখ করেছে। দীর্ঘ সমুদ্রযাত্রা, অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকা এবং অনুপযোগী জলযান ব্যবহারের কারণে এ পথে প্রতিবছর বহু প্রাণহানির ঘটনা ঘটে।
মৌরিতানিয়া আটলান্টিক অভিবাসন রুটের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখান থেকে প্রতিবছর হাজার হাজার মানুষ স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর চেষ্টা করেন। তবে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত কঠোর সীমান্ত নজরদারি ও অভিযানের কারণে সাম্প্রতিক সময়ে এ পথে যাত্রার সংখ্যা কমেছে। একই সঙ্গে মৌরিতানিয়ার কর্তৃপক্ষ হাজার হাজার আশ্রয়প্রার্থী ও অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে।
সূত্র: আল জাজিরা