অনলাইন ডেস্ক: রাজধানীর উত্তরখানের রাজাবাড়ি এসটিএস (সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন) এলাকায় পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান ও স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেনের ওপর হামলার অভিযোগ উঠেছে।
রোববার (২ আগস্ট) ডিএনসিসির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক জরুরি বার্তায় এ তথ্য জানানো হয়।
ডিএনসিসির দাবি, রাজাবাড়ি এসটিএস এলাকায় পরিচ্ছন্নতাকর্মীদের ওপর স্থানীয় সন্ত্রাসীরা হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং স্থানীয়দের সঙ্গে আলোচনা করতে ঘটনাস্থলে যান ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, স্থানীয় এমপি জাহাঙ্গীর হোসেন, পুলিশের উপ-কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় তাদের লক্ষ্য করেও হামলা ও ইটপাটকেল নিক্ষেপ করা হয় বলে অভিযোগ করেছে সংস্থাটি।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে মোতায়েন হয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছেন।
এ বিষয়ে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা জাকির হোসেন জানান, স্থানীয়দের একটি পক্ষ এসটিএসের কার্যক্রমে বাধা দেয় এবং সিটি করপোরেশনের প্রায় ১৪ জন পরিচ্ছন্নতাকর্মীকে মারধর করে। আহত কর্মীদের হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, পরিস্থিতি শান্ত করতে প্রশাসক ও স্থানীয় এমপি ঘটনাস্থলে গেলে তাদের লক্ষ্য করেও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। তবে এ ঘটনায় প্রশাসক ও সংসদ সদস্য কেউই আহত হননি।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।