এমপি নজরুলের পদ শূন্যে জামায়াতের চিঠি যথেষ্ট নয়: ইসি সচিব

জ্যেষ্ঠ প্রতিবেদক:

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের বিষয়ে দলটির চিঠি পেলেও এ মুহূর্তে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার জাতীয় সংসদ সচিবালয়ের।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

জি এম নজরুল ইসলামের সংসদ সদস্য পদ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, সংশ্লিষ্ট সংসদ সদস্যের বিষয়ে স্পিকারের কাছ থেকে এখনো কোনো চিঠি পায়নি নির্বাচন কমিশন।

জামায়াতের দেওয়া চিঠির বিষয়ে তিনি বলেন, বেশ কিছুদিন আগে দলটির পক্ষ থেকে তাদের প্যাডে একটি চিঠি দেওয়া হয়েছিল। সেখানে জি এম নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। তবে ওই চিঠির ভিত্তিতে নির্বাচন কমিশনের নিজস্ব উদ্যোগে কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি স্পষ্টভাবে ‘না’ বলেন।

ইসি সচিব বলেন, ‘আমাদের সরাসরি কিছু করার সুযোগ নেই। এটি সংসদ সচিবালয় থেকে জানানোর বিধান রয়েছে। আমাদের মূল দায়িত্ব নির্বাচন ব্যবস্থাপনা করা। আর পরবর্তী আইনি বিষয়গুলো জাতীয় সংসদ সচিবালয়ের আওতায় পড়ে।’

তিনি আরও বলেন, স্পিকার বা সংসদ সচিবালয় থেকে এ বিষয়ে কোনো অফিসিয়াল চিঠি পেলে নির্বাচন কমিশন সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে।

এদিকে, আগামী নভেম্বর মাসে স্থানীয় সরকারের বিভিন্ন স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইসি সচিব জানান, বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। কমিশন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পর তা গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *