মোহাম্মদ হোসেন সুমন
০৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উখিয়া উপজেলাধীন রোহিঙ্গা ক্যাম্প-১ (ওয়েস্ট) এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে Arakan Rohingya Salvation Army (ARSA) নামক সন্ত্রাসী সংগঠনের সক্রিয় কমান্ডার জাহিদ হোসেন প্রকাশ লালু (৪০) কে আটক করা হয়। উখিয়া-টেকনাফ অঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, স্থানীয় জনগণ ও রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে নির্বিঘ্ন করতে রামু সেনানিবাসের ১০ পদাতিক ডিভিশন এর একটি বিশেষ অভিযানিক দল আজ সকাল ০৭০০ ঘটিকায় এই অভিযান পরিচালনা করে।
গোয়েন্দা তথ্য অনুযায়ী, আটককৃত লালু দীর্ঘদিন যাবৎ ARSA প্রধান হাফেজ আতাউল্লাহ আবু আম্মার জুনুনির ঘনিষ্ঠ সহযোগী ও দেহরক্ষী হিসেবে দায়িত্ব পালন করে আসছিল এবং মিয়ানমার ও বাংলাদেশে ARSA এর বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে সরাসরি জড়িত ছিল। ইতোপূর্বে, লালুর নেতৃত্বে রোহিঙ্গা ক্যাম্পসমূহে হত্যা, অপহরণ, চাঁদাবাজি, মাদক ব্যবসা, অগ্নিসংযোগসহ নানাবিধ সন্ত্রাসী কার্যক্রম পরিচালিত হয়। ২০২১ সালে এফডিএমএন ক্যাম্প-১৮ এর একটি মাদ্রাসায় হামলা চালিয়ে ছাত্রসহ ৬ জন শিক্ষককে হত্যা, ২৯ সেপ্টেম্বর ২০২১ তারিখ রোহিঙ্গা প্রত্যাবাসনপন্থি নেতা মাস্টার মুহিবুল্লাহ হত্যাকাণ্ড এবং ডিজিএফআই কর্মকর্তা স্কোয়াড্রন লিডার রেজোয়ান হত্যার ঘটনাসহ বিভিন্ন চাঞ্চল্যকর নাশকতা মূলক ঘটনার সাথে তার সরাসরি সংশ্লিষ্টতা রয়েছে। আটকের সময় তার দেহ তল্লাশি করে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড এ্যামুনিশন উদ্ধার করা হয়।
এই অভিযান দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, রোহিঙ্গা ক্যাম্পে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুরক্ষিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সাফল্য। আটককৃত সন্ত্রাসীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।