কক্সবাজার পূর্ব কলাতলী চন্দ্রিমা হাউজিং সোসাইটি এলাকায় ইয়াবা, কিশোর গ্যাং ও অবৈধ স্পা সেন্টারের বিস্তার: আতঙ্কে স্থানীয়রা

মোহাম্মদ হোসেন সুমন:

কক্সবাজার শহরের পূর্ব কলাতলী এলাকার চন্দ্রিমা হাউজিং সোসাইটি ঝিলংজা সদর ১নং ওয়ার্ডে উদ্বেগজনক হারে ইয়াবা ব্যবসা, কিশোর গ্যাংয়ের তৎপরতা এবং অবৈধ স্পা সেন্টারের বিস্তার বেড়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এতে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, কিছু অসাধু চক্র ভাড়া বাসা ও বাণিজ্যিক স্থাপনা ব্যবহার করে গোপনে ইয়াবা বেচাকেনা চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে কিশোর গ্যাংয়ের সদস্যরা বিভিন্ন সময়ে এলাকায় প্রভাব বিস্তার করে সাধারণ মানুষকে আতঙ্কিত করছে।

এলাকায় অনুমোদনবিহীন স্পা সেন্টার গড়ে ওঠার বিষয়টিও বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। অভিযোগ রয়েছে, এসব স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কার্যকলাপ পরিচালিত হচ্ছে এবং এতে জড়িত কিছু নারী সেখানে বসবাস করছেন।

বাসিন্দারা জানান, দিন-রাত নির্বিশেষে এসব কর্মকাণ্ড চলতে থাকায় নারী ও শিশুদের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। অনেকেই দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ নেওয়া হলে এলাকার পরিস্থিতি উন্নত হবে এবং সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে আসবে বলে মনে করছেন সচেতন মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *