কক্সবাজার-৩ আসনের এমপি লুৎফুর রহমান কাজলের ঈদগাঁও উপজেলায় ঝটিকা সফর

মনজুর আলম:

কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল ঈদগাঁও উপজেলায় এক ঝটিকা সফর করেছেন। শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) তিনি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা ও উন্নয়নমূলক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

সফরকালে এমপি কাজল ঈদগাঁও ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের অগ্রগতি, জনসাধারণের ব্যবহারের জন্য নির্মিত শৌচাগার, ঈদগাঁও মাছ বাজারে নির্মাণাধীন ভবন এবং পুরাতন ব্যবসায়ীদের দোকান বরাদ্দের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি তিনি ঈদগাঁও বাজারের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসন, সাধারণ পথচারী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ইজারা মওকুফ এবং চলমান ইজারা কার্যক্রমে স্বচ্ছতা আনার বিষয়ে গুরুত্বারোপ করেন।

এ সময় তিনি বলেন, “ঈদগাঁও উপজেলার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে আমরা কাজ করে যাচ্ছি। ফায়ার সার্ভিসসহ প্রয়োজনীয় সকল সরকারি সুবিধা দ্রুত নিশ্চিত করা হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবার সহযোগিতা প্রয়োজন।”

এমপি কাজল উপজেলা পরিষদ ভবনের সার্বিক উন্নয়ন নিয়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। তিনি বিভিন্ন দপ্তরের কার্যক্রম পর্যালোচনা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং সাধারণ মানুষের সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম সিফাতুল মাজদার, ঈদগাঁও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, ঈদগাঁও উপজেলা জাতীয় ক্রীড়া পরিষদের সদস্য সচিব মোহাম্মদ আজমগীরসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ঈদগাঁও বাজারে যানজট, অব্যবস্থাপনা ও ইজারা সংক্রান্ত জটিলতায় তারা ভোগান্তিতে ছিলেন। সংসদ সদস্যের এ সফর ও তাৎক্ষণিক নির্দেশনায় সমস্যাগুলোর দ্রুত সমাধান হবে বলে তারা আশাবাদী।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই সফরের মাধ্যমে ঈদগাঁও উপজেলার চলমান উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *