কক্সবাজার প্রতিনিধি: মাদক, চোরাচালান, মানবপাচারসহ সব ধরনের অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সমন্বিত ও কার্যকরভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা সালাউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) কক্সবাজারে জেলা প্রশাসনের আয়োজনে মাদক প্রতিরোধ ও জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নবিষয়ক এক গুরুত্বপূর্ণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।
সভায় সংসদ সদস্যবৃন্দ, জেলা পরিষদের প্রশাসক, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মাদক, চোরাচালান, মানবপাচার এবং অন্যান্য অপরাধ দমনে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বয়ের ভিত্তিতে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে কক্সবাজারে শান্তি-শৃঙ্খলা, জননিরাপত্তা এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণে চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত ও সুপারিশ তুলে ধরেন।
জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভাকে কক্সবাজারে মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং জননিরাপত্তা জোরদারের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে সংশ্লিষ্টরা মনে করছেন।