মোহাম্মদ হোসেন সুমন:
কক্সবাজার জেলা বাস-মিনিবাস মালিক সমিতি (রেজিস্ট্রেশন নং-২০৪৭) এবং কক্সবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজিস্ট্রেশন নং-২১২৯)-এর মধ্যে মালিক-শ্রমিক ঐক্য আরও সুদৃঢ় করার লক্ষ্যে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ৭টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি আব্দুস সালাম কোম্পানি। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাহের আহমেদ সিকদার।
সভায় মালিক ও শ্রমিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এতে পরিবহন খাতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়। বক্তারা বলেন, কক্সবাজার দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন নগরী। এ কারণে পর্যটক ও সাধারণ যাত্রীদের নিরাপদ, নির্বিঘ্ন ও সুশৃঙ্খল যাতায়াত নিশ্চিত করতে মালিক-শ্রমিক উভয় পক্ষের মধ্যে সুসম্পর্ক ও সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সভায় বক্তারা আরও বলেন, মালিক ও শ্রমিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বৃদ্ধি পেলে নানা ধরনের ভুল-বোঝাবুঝি ও বিরোধ আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। এতে উভয় পক্ষের স্বার্থ রক্ষার পাশাপাশি পরিবহন খাতের সুনামও বৃদ্ধি পাবে।
এ সময় সব ধরনের ভেদাভেদ, হিংসা-বিদ্বেষ ও মান-অভিমান ভুলে ঐক্যবদ্ধভাবে সংগঠনের উন্নয়নে কাজ করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে মালিক ও শ্রমিকদের ন্যায্য অধিকার, পারস্পরিক সম্মান এবং দায়িত্বশীলতার বিষয়েও গুরুত্বারোপ করেন বক্তারা।
কক্সবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, মালিক-শ্রমিকদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা থাকলে পরিবহন খাতে অনেক সমস্যার সমাধান করা সম্ভব। সংগঠনের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় উপস্থিত মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ পরস্পরের মতামত ও পরামর্শ গ্রহণ করেন। ভবিষ্যতে আলোচনার মাধ্যমে মালিক-শ্রমিকদের মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় করে কক্সবাজারের পরিবহন খাতকে সুশৃঙ্খল ও জনবান্ধব করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সভা শেষে উপস্থিত সব মালিক-শ্রমিক নেতা ও সদস্যদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।