কমলগঞ্জে বনভূমিতে অবৈধ পান বাগান উচ্ছেদ, দখলমুক্ত ৩.২৯ হেক্টর সংরক্ষিত জমি

জালালুর রহমান:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি রেঞ্জের অধীন কুরমা বন বিটের কুরমা খাসিয়া পুঞ্জি সংলগ্ন ছোট পিকল এলাকায় সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে গড়ে তোলা প্রায় ৩.২৯ হেক্টর পান বাগান উচ্ছেদ করেছে বন বিভাগ। মঙ্গলবার (৭ জুলাই) সকাল থেকে শুরু হয়ে রাত প্রায় ৮টা পর্যন্ত পরিচালিত অভিযানে আনুমানিক এক হাজার পানের চারা উপড়ে ফেলা হয়।

রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক (এসিএফ) প্রীতম বড়ুয়া জানান, সংরক্ষিত বনভূমি দখলমুক্ত করা এবং অবৈধ পান চাষের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে প্রায় ৩.২৯ হেক্টর সংরক্ষিত বনভূমি দখলমুক্ত করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় বন আইনে একটি পিওআর (POR) মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত শেষে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযানে কুরমা বিট কর্মকর্তা মো. জুয়েল রানা, বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং সঙ্গীয় ফোর্স অংশ নেন।

বন বিভাগ জানিয়েছে, সংরক্ষিত বনভূমি রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বনভূমি দখল ও অবৈধ চাষাবাদ প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *