স্টাফ রিপোর্টার, বরিশাল:
বরিশাল মহানগরীর কাউনিয়া এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মাহমুদুর রহমান রেজা (৩০) নামে এক যুবককে আটক করেছে বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
বিএমপি মিডিয়া সেল সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বিএমপি গোয়েন্দা শাখার একটি বিশেষ আভিযানিক দল কাউনিয়া থানাধীন ১ নম্বর ওয়ার্ডের কাউনিয়া বিসিক শিল্পনগরী এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় মেসার্স নাফিজা পেট অ্যান্ড প্লাস্টিক রিসাইক্লিং নামের একটি কারখানার সামনের পাকা সড়ক থেকে মো. মাহমুদুর রহমান রেজাকে আটক করা হয়। পুলিশের দাবি, তার হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
আটক মাহমুদুর রহমান রেজা বরিশাল নগরীর কাউনিয়া থানাধীন লয়াস টাওয়ার, নয়াবাড়ী এলাকার বাসিন্দা। তার বাবার নাম আলহাজ মো. জাকির হোসেন।
বিএমপি জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।